কাউয়া, ফার্মের মুরগি মুখ্য বিষয় নয়: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগে ‘কাউয়া’ ও ‘ফার্মের মুরগি’ ঢুকে গেছে বলে ইতিপূর্বে দেওয়া বক্তব্যকে ‘মজা করে বলেছি’ বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কাউয়া, ফার্মের মুরগি এগুলো মুখ্য বিষয় নয়, এটা গৌণ বিষয়। আর আমি এগুলো মজা করে বলেছি। তিন-চার ঘণ্টা নেতা-কর্মীরা বসে থাকে, তাদের রিফ্রেশমেন্টের দরকার আছে।’
গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সিলেটে ২৭ মিনিট বক্তব্য দিয়েছি। কিন্তু সাংবাদিকেরা তা না লিখে শেষের দিকে কাউয়ার বক্তব্যের কথা লিখেছেন।’ তিনি বলেন, সংগঠনের অভ্যন্তরে কিছু কিছু জেলা ও উপজেলায় সাংগঠনিক সমস্যা রয়েছে। সেই সব জেলার নেতাদের ঢাকায় ডেকে সমাধান করা হবে। সমস্যাপূর্ণ জেলাগুলোর মধ্যে চারটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের ২৩, ২৪, ২৫ ও ২৭ এপ্রিল ঢাকায় ডাকা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আজ বৃহস্পতিবার মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল হাওর এলাকায় যাবে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, আবদুস সোবহান (গোলাপ), অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।