কাঙ্ক্ষিত পরিণতি পর্যন্ত আন্দোলনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঙ্ক্ষিত ও যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে চলমান আন্দোলনকে তীব্রতর করার জন্য সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা এ আহ্বান জানান। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নামে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। অবশ্য বিবৃতিতে স্থায়ী কমিটির কোনো সই ছিল না।
বিবৃতিতে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ‘মানুষের কষ্ট, দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা সম্পূর্ণ সহানুভূতিশীল ও সজাগ। কিন্তু ক্ষমতাসীনেরা যেভাবে রক্ত ঝরিয়েছে, গুম করেছে, জাতীয় অর্থনীতির বিনাশ করেছে, সব প্রথা-প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মানুষকে নির্যাতন ও অপমান করেছে, তার অবসানকল্পে ধৈর্য ধরে সাময়িক কষ্ট স্বীকারের জন্য আমরা দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’
বিবৃতিতে চলমান অবরোধ কর্মসূচিতে নেতা-কর্মীদের ওপর গুলি, নির্যাতন, গ্রেপ্তার ও হতাহতের উল্লেখ করে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে যাঁরা শহীদ হচ্ছেন, তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাঁরা আহত ও নির্যাতিত হচ্ছেন, তাঁদের প্রতি আমাদের অফুরন্ত সহানুভূতি। দেশে গণতন্ত্র ফিরলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসিত করব ইনশা আল্লাহ।’
বিবৃতিতে দাবি করা হয়, এবারের আন্দোলনের এক পক্ষে আছে ভোটাধিকারবঞ্চিত জনগণ। আরেক পক্ষে আছে জবরদস্তি করে ক্ষমতায় অধিষ্ঠিত জনপ্রতিনিধিত্বহীন সরকার। এ কারণে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে ব্যর্থ করতে ক্ষমতাসীনেরা বেপরোয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে সরকার-সমর্থক সন্ত্রাসীরা বিএনপির অনেক সিনিয়র নেতার বাসা-অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে পরিষ্কার হয়ে গেছে যে, সুপরিকল্পিতভাবে ক্ষমমতাসীনেরাই সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাত চালিয়ে তার দায় বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
দেশবাসীকে উদ্দেশ করে বিবৃতিতে অভিযোগ করা হয়, বর্তমান ক্ষমতাসীনেরা নানামুখী ভীতি প্রদর্শন ও কঠোর সেন্সরশিপ প্রয়োগ করে সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণ হরণ করেছে। এর ফলে দেশের প্রকৃত চিত্র এবং জনগণের আন্দোলনের সঠিক খবর প্রচার করতে সংবাদমাধ্যম ব্যর্থ হচ্ছে। বিএনপির গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ সরাসরি সম্প্রচার করতে দেওয়া হচ্ছে না।
বিবৃতিতে খালেদা জিয়াকে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বেআইনিভাবে অবরুদ্ধ করে রাখার উল্লেখ করে বলা হয়, এই দুঃসহ পরিস্থিতিতে খালেদা জিয়া সাংবাদিকদের মাধ্যমে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন। সে কর্মসূচি পালিত হচ্ছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।