কাছাকাছি ছিলেন, মুখোমুখি হননি এরশাদ-রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) তিন নেতা আপাতত মন্ত্রিত্ব ছাড়ছেন না। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে ছাড়াই বৈঠক করে জাপার সংসদীয় দল গতকাল রোববার এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে জাপার সংসদীয় দলের প্রধান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সভাপতিত্ব করেন।
দলের সাংসদদের নিয়ে রওশন এরশাদ যখন তাঁর সংসদের কার্যালয়ে বসে এ সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন এরশাদ ১০-১২ ফুট দূরত্বে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পাওয়া তাঁর কার্যালয়ে ছিলেন। আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও এরশাদ স্ত্রী রওশনের মুখোমুখি হননি।
যদিও সংসদে বিরোধীদলীয় উপনেতা নির্বাচন করা নিয়ে জাপায় এরশাদ ও রওশনপন্থী নেতাদের মধ্যে চলমান বিরোধ মেটানোর লক্ষ্যে গতকাল সংসদীয় দলের এ বৈঠক ডাকা হয়েছিল। এতে দলীয় প্রধান এরশাদসহ নিজের অংশ নেওয়ার কথা আগের দিন সাংবাদিকদের নিশ্চিত করেছিলেন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ। কিন্তু কী কারণে তাঁরা বৈঠকে যাননি, তা নিশ্চিত করে জানা যায়নি।
এ বিষেয় বক্তব্য জানার জন্য চেষ্টা করেও জিয়াউদ্দিন আহম্মেদকে পাওয়া যায়নি। এরশাদ কেন বৈঠকে যাননি, এ বিষয়ে সাংবাদিকেরা আনিসুল ইসলাম মাহমুদের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগত সমস্যা থাকতে পারে না?’
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও সংসদীয় দলের বৈঠকে যাননি। রওশনের নেতৃত্বে বৈঠক চলাকালে আনিসুল ইসলাম, জিয়াউদ্দিন আহম্মেদ, সেলিম ওসমানসহ আরও কয়েকজন নেতা এরশাদের সঙ্গে তাঁর কক্ষে উপস্থিত ছিলেন। তাঁরা রুদ্ধদ্বার আলোচনা করেন। এ সময় সাংবাদিকদের ওই কক্ষের কাছে িভড়তে দেওয়া হয়নি।
এরশাদপন্থী একাধিক নেতার দাবি, সংসদীয় দলের সভা ডাকার আগে এ বিষয়ে দলের চেয়ারম্যানের অনুমতি নেওয়া হয়নি। এ কারণে এরশাদসহ তাঁর অনুগত সাংসদেরা সভায় যাননি।
রওশনপন্থী নেতা প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের জানান, সংসদীয় দলের বৈঠকে ২৬-২৭ জন সাংসদ উপস্থিত ছিলেন।
শুধু সংসদীয় বৈঠকেই নয়, সংসদ অধিবেশনেও এরশাদ ও রওশন মুখোমুখি হননি। এরশাদ বিকেলে সংসদ শুরুর কিছুক্ষণ পর অধিবশেনকক্ষে যান। কিছু সময় থেকে তিনি অধিবেশনকক্ষ থেকে নিজ কক্ষে চলে আসেন। এ সময় দলের একাধিক সাংসদকে ‘শরীর খারাপ’ বলে জানিয়েছেন তিনি। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশনে যোগ দেন রওশন। তখনো এরশাদ সংসদে নিজ কক্ষেই ছিলেন।
এর আগে বিকেল পৌনে চারটায় রওশন এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আসেন। এরপর সংসদীয় দলের বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।
বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক সংবাদ ব্রিফিং করেন। তিনি বলেন, বৈঠকে তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এক. দলীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত জাতীয় পার্টির তিনজন সদস্য মন্ত্রিসভায় থাকবেন। দুই. দলের চেয়ারম্যান যে কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে সম্প্রতি দুই নেতাকে (মসিউর রহমান ও তাজুল ইসলাম চৌধুরী) অব্যাহতি দিয়েছেন। এই দুই নেতার কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে অব্যাহতিপত্র যেন প্রত্যাহার করে নেওয়া হয়, এ জন্য জাপার চেয়ারম্যানকে অনুরোধ করবেন রওশন এরশাদ। আর তৃতীয় সিদ্ধান্ত হলো, সংসদে উত্থাপিত সংবিধানের ষোড়শ সংশোধনী বিলটি দেখার পর আবার আলোচনা করে দলীয় অবস্থান চূড়ান্ত করা হবে।