গোপালগঞ্জে বিএনপির তেমন কোনো কর্মকাণ্ড নেই। এর জন্য দলটি দায়ী করেছে ‘রাজনৈতিক ও পরিবেশগত কারণ’কে। তবে দলের মধ্যে কোন্দল আছে ষোলো আনা।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেল, গোপালগঞ্জে ‘আওয়ামীবিরোধী’ রাজনীতি করা খুব কঠিন। তার ওপর দলে অনৈক্য। কর্মীদের ভাষায়, ‘গোপালগঞ্জে বিএনপির নেতা আছেন তিনজন, কিন্তু গ্রুপ আছে ৩০টা।’ এটা তাঁদের ক্ষোভের কথা; আসলে তিন ধারায় বিভক্ত বিএনপি।
জেলা বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ১৯ মার্চ। তখন ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। দলের সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এম মনসুর আলী।
নেতা-কর্মীরা জানান, সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা কমিটির ৩০ থেকে ৩৫ জন সদস্যই ঢাকায় থাকেন। জেলায় দলীয় কর্মকাণ্ড না থাকার ব্যাপারে এটিও একটি কারণ বলে মনে করেন কর্মীরা।
জেলা বিএনপির তিন ধারার একটির নেতৃত্ব দিচ্ছেন সিরাজুল ইসলাম। শহরের উত্তর প্রান্তে গেটপাড়া এলাকার একটি টিনের ঘরে তাঁর অফিস। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে তিনি গোপালগঞ্জে আসেন।
আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক মনসুর আলী। তিনি বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর অনুসারী। বঙ্গবন্ধু সড়কে লঞ্চঘাট-সংলগ্ন মঞ্জুর বাড়িতে করা কার্যালয় ঘিরে দলীয় কাজ করেন মনসুর আলী। এম এইচ খান মঞ্জুর ৫ জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত মাঠে ছিলেন। তাঁর ওপর ‘প্রশাসন ও বিরোধী রাজনৈতিক মহলের বেশি নজরদারি ও চাপ’ থাকায় তিনি কোণঠাসা অবস্থায় আছেন বলে জানান তাঁর অনুসারীরা।
বিএনপির আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন আরেক সাবেক সভাপতি এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের সাংসদ এফ পি শরফুজ্জামান জাহাঙ্গীর। তবে ‘রাজনৈতিক কূটকৌশলে পরাস্ত’ এই নেতা ‘নির্বাসিত জীবনযাপন’ করছেন বলে জানিয়েছেন দলের কর্মীরা।
এসব বিভক্তির কথা মানতে রাজি নন জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। তাঁর ভাষ্য, ‘একসময় আমার সঙ্গে সাধারণ সম্পাদকের বিরোধ ছিল, এখন নেই। আমরা এখন সব কাজ একসাথে করছি।’ সাবেক সভাপতি শরফুজ্জামান জাহাঙ্গীরও দলের একটি অংশের নেতৃত্ব দেন, এটাও মানতে নারাজ সিরাজুল ইসলাম। তিনি দাবি করেন, ‘জাহাঙ্গীরের পিছনে কোনো লোক নেই।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা বংশানুক্রমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর দুটি কারণ—প্রথমত, বিএনপি ইসলামি ধারার কথা বলে। দ্বিতীয়ত, দলটি বাংলাদেশি জাতীয়তাবাদের অনুসারীদের সংগঠন।’
সাবেক সাংসদ ও সাবেক সভাপতি শরফুজ্জামান জাহাঙ্গীর অবশ্য স্বীকার করেছেন, গোপালগঞ্জে বিএনপির রাজনীতিতে গ্রুপিং আছে। তাঁর যুক্তি হচ্ছে, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই স্থানে আলাদা সাইনবোর্ডযুক্ত দুটি কার্যালয় মেইনটেইন করেন। বিভক্তি প্রমাণ করার জন্য এই একটি উদাহরণই যথেষ্ট।
জেলা বিএনপির রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন—এই অভিযোগ মেনে নিয়ে শরফুজ্জামান বলেন, ‘আমি দীর্ঘদিন দলের সভাপতি ছিলাম, ছিলাম সাংসদ। অথচ ২০০৯ সালে যে কমিটি গঠন করা হলো, তাতে আমাকে একজন নির্বাহী সদস্য হিসেবেও রাখা হয়নি।’ তবে তিনি রাজনীতি বাদ দেননি বলে প্রথম আলোকে জানান।
গোপালগঞ্জে না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ঢাকায় থাকা দোষের নয়। ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জেলার সভাপতিরাও ঢাকায় থেকেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেন।
জেলা বিএনপির নেতা-কর্মীদের নামে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে সাধারণ সম্পাদকের পরিবারের সদস্যদের নামে হত্যাসহ রয়েছে মোট ১০টি মামলা। তবে জেলা বিএনপির নেতারা মনে করেন, এ মামলাগুলো রাজনৈতিক কারণে হয়নি। আধিপত্য বিস্তার করতে গিয়ে স্থানীয় পর্যায়ে মামলাগুলো হয়েছে।
বিএনপির নেতা-কর্মীরাই বললেন, গোপালগঞ্জে বিএনপির কর্মসূচি পালন করা হয় নামকাওয়াস্তে। তবে দলের সাধারণ সম্পাদক মনসুর আলী বলেন, ‘আমরা যারা মাঠে আছি, তারা পুলিশের দাবড়ানিতে টিকতে পারছি না। জনগণের মধ্যে বিএনপির সমর্থন আছে, কিন্তু প্রশাসনিক চাপের কারণে কেউ মুখ খুলতে পারে না। যেকোনো কাজ করতে হলে অনুমতি নিতে হয়।’
শরফুজ্জামান জাহাঙ্গীর বলেন, সম্মেলন করে যোগ্য নেতা-কর্মীদের যোগ্যতর পদে দায়িত্ব দিলে দলকে সচল করা সম্ভব। সিরাজুল ইসলাম বললেন, গোপালগঞ্জে সভা-সমাবেশ করার পরিবেশ হলে উপজেলা, থানাসহ জেলা বিএনপির সম্মেলন করার উদ্যোগ নেওয়া হবে।