কাজ পান না ঢাকার নারী কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মশার ওষুধ যাবে পুরুষ কাউন্সিলরের কাছে। ঝাড়ুদার কোন কোন জায়গায় ঝাড়ু দেবেন, তাও ঠিক করে দেন পুরুষ কাউন্সিলর। আমরা ভাত রান্না করতে পারি, রাস্তায় মিছিল করতে পারি—আর এই কাজ করতে পারব না? কষ্ট লাগে। আমরা তো ইলেকটেড, সিলেকটেড তো না।’

আক্ষেপ করে বলছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলর। নাম প্রকাশে রাজি হননি তিনি। তাঁর ভয়, এতে আরও কোণঠাসা অবস্থায় পড়তে পারেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের ৩১ জন নারী কাউন্সিলর দায়িত্বে আছেন প্রায় দুই বছর হলো। একই আক্ষেপ প্রায় সবার। প্রথম আলোর পক্ষ থেকে দুই সিটি করপোরেশনের ১০ জন কাউন্সিলরের সঙ্গে কথা হয়। অধিকাংশই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

দুই সিটি করপোরেশনে সংরক্ষিত পদের বাইরে সরাসরি ভোটে কোনো নারী কাউন্সিলর নির্বাচিত হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী কাউন্সিলর বলেন, ‘কাজ নেই, কোনো বরাদ্দ পাইনি। তাই ড্রেনের সমস্যা, বাতি জ্বলে না এগুলো দেখি। বিচার-আচার করি, জন্মনিবন্ধন ফরম ফিলাপ করে সেবামূলক কাজ করি। পুরুষ কাউন্সিলররা সচিব ও পিয়ন পেয়েছেন। আমার মতো বেশির ভাগ নারী কাউন্সিলর এখন পর্যন্ত সচিব ও পিয়ন পাইনি।’

নারী কাউন্সিলর তাঁদের কী কাজ—প্রথম আলোর এ প্রশ্নের উত্তরে বেশির ভাগ কাউন্সিলরই জানিয়েছেন, তাঁরা আসলে ভালোভাবে জানেন না তাঁদের দায়িত্ব কী।

নারী কাউন্সিলরদের কাজ কী?

সিটি করপোরেশনের আইন ও বিধি অনুযায়ী, মেয়র ও কাউন্সিলরদের নিয়ে স্থানীয় সরকারের এই কাঠামোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রমে অংশ নেওয়া, বাজেট নিয়ে আলোচনা ও পরিকল্পনা প্রণয়ন। কাজ বাস্তবায়নের দায়িত্ব সিটি করপোরেশনের প্রশাসনিক কর্তৃপক্ষের।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এ সাধারণ ও সংরক্ষিত পদের মধ্যে কোনো বৈষম্যের কথা বলা নেই। তা ছাড়া ২০০৪ সালের ১৬ আগস্ট হাইকোর্ট এক রায়ে বলেছিলেন, নির্বাচনের পর কাউন্সিলরদের মধ্যে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না।

কিন্তু ২০১২ সালে সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের দায়িত্ব ও সুযোগ-সুবিধা বণ্টন করে যে বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, তাতে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দায়িত্বের মধ্যে বেশ কিছু তফাত করা আছে। এই বিধিমালায় ওয়ারিশান সনদসহ জাতীয়তা ও চারিত্রিক সনদ দেওয়ার ক্ষমতা শুধু সাধারণ কাউন্সিলরকে দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলররা এই দায়িত্ব পাননি।

ওই বিধিমালায় সংরক্ষিত নারী কাউন্সিলরদের দায়িত্বের তালিকায় প্রাথমিক শিক্ষা প্রসারে জনগণকে উদ্বুদ্ধ করা, এ ধরনের বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করা, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নে প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা, জনস্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক বিষয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করা ও সচেতনতা বাড়ানোর কথা বলা হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ ও জনহিতকর কাজে অংশগ্রহণ এবং এসব কাজ বাস্তবায়নে করণীয় চিহ্নিত করার কথাও বলা হয়েছে বিধিমালায়।

দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলরদের কাজ ও দায়িত্বের কথা লিখিত আছে। নির্বাচনের পরেই আমরা সদস্যদের তা জানিয়ে দিয়েছি।’

উত্তরের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, বিধিমালা অনুযায়ী কিছু কাজ নারী কাউন্সিলররা করতে পারেন না। এতে যদি বৈষম্য থাকে, বিধি পরিবর্তনের দায়িত্ব করপোরেশনের নয়। কাজের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হচ্ছে না।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকারব্যবস্থায় প্রতিনিধিদের কাজ সেবা দেওয়া। সরকারি সুযোগ-সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া। বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা। এখানে লেনদেনের কোনো সম্পর্ক নেই।

তবে নারী কাউন্সিলরদের অনেকেই যে জনসেবামূলক কাজ করছেন, আদতে সেই কাজকে তাঁরা কাজ বলে মনে করছেন না। নারী কাউন্সিলর হেলেন আক্তার কাজ না থাকার আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগেও জনসেবামূলক কাজ করেছি, এখনো তাই করছি।’

সংরক্ষিত কাউন্সিলর হেলেন আক্তার, শিউলি হোসেন, রাজিয়া সুলতানাসহ বেশ কয়েকজন স্বীকার করেন, সংরক্ষিত পদ নিয়ে আগে যে বৈষম্যমূলক আচরণ ছিল, তা অনেকটাই কমে এসেছে। পুরুষ কাউন্সিলররা সহজে অবজ্ঞা করেন না বা করতে সাহস পান না। সম্মানী ভাতা, কার্যালয় ভাড়াসহ অন্যান্য ভাতার পরিমাণও সমান। তবে পিয়ন, সচিবসহ সুযোগ-সুবিধার দিক থেকে নারী কাউন্সিলররা পিছিয়ে আছেন।