কাজ শেষ করার সুযোগ চান আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ​ আইভী গতকাল বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডে চালান নির্বাচনী প্রচারণা l ছবি: ফোকাস বাংলা
আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ​ আইভী গতকাল বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডে চালান নির্বাচনী প্রচারণা l ছবি: ফোকাস বাংলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে সরকার বিরোধিতা, ‘গণতন্ত্র ফিরিয়ে আনা’র মতো জাতীয় ইস্যুকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলছেন, মেয়র হিসেবে তাঁর অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চান তিনি।
২২ ডিসেম্বর ভোট গ্রহণ। তাই মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচার-প্রচারণায়। ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন নিজেদের বক্তব্য আর প্রতিশ্রুতি।
গতকাল বুধবার বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডের চৌপাড়া, নবীগঞ্জ, কাইতাখালী ও আমিরাবাদে গণসংযোগ করেন সেলিনা হায়াৎ আইভী। গত মঙ্গলবার তিনি ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ দুই দিনের গণসংযোগে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে তাঁর অসমাপ্ত কাজ শেষ করবেন। সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল অঞ্চলে আগের ৪০ বছরে যে অবকাঠামোগত উন্নয়নকাজ হয়নি, গত পাঁচ বছরে সেই কাজ হয়েছে। কিন্তু পাঁচ বছরে সব সমস্যা সমাধান করা কারও পক্ষে সম্ভব নয়। এ জন্য তিনি আবার সুযোগ চান। তিনি আবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন।

বিএনপি–সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খান প্রচারণা চালান​ সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ৯ নম্বর ওয়ার্ডে l ছবি: ফোকাস বাংলা
বিএনপি–সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খান প্রচারণা চালান​ সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ৯ নম্বর ওয়ার্ডে l ছবি: ফোকাস বাংলা

অন্যদিকে বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান গতকাল নগরের ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ির এক পথসভায় তিনি বলেন, ‘সুযোগ এসেছে সরকারকে লাল কার্ড দেখানোর। আপনারা আমাকে না, খালেদা জিয়াকে ভোট দেবেন।’ তিনি বলেন, তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে আধুনিক সিটি করপোরেশনে পরিণত করবেন।

.
.

সকালে শায়েস্তা খাঁ রোডে (পুরাতন কোর্ট এলাকা) সাখাওয়াত হোসেনের নির্বাচনী ক্যাম্প ও মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ। এ সময় তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। না হলে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
গত মঙ্গলবার বন্দরের সিএসডি মোড় এলাকায় সাখাওয়াতের পক্ষে পথসভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। এটা শুধু মেয়র নির্বাচন না, এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।
আইভীকে গণফোরামের সমর্থন: আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আইভীকে সমর্থন দিয়েছে গণফোরাম। গতকাল বিকেলে গণফোরামের নারায়ণগঞ্জ শাখার সদস্য সেলিম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণফোরাম আশা করে, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
কাউন্সিলর প্রার্থীর অভিযোগ: ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কবির হোসাইন গতকাল সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান ও তাঁর দুলাভাই শাহজাহান হুমকি দিয়ে বলেছেন, তাঁরা তাঁকে (কবির) দেখে নেবেন। এ জন্য প্রয়োজনে ২০ কোটি টাকা খরচ করবেন। কবিরের আশঙ্কা, তাঁকে বা তাঁর ঘনিষ্ঠ কাউকে হত্যা করা হতে পারে। তিনি বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তা ‘এন্ট্রি’ না করে ‘রিসিভ’ করে রাখা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে কামরুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত না হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।