সংসদের উপনেতা করা নিয়ে স্বামী–স্ত্রীর দ্বন্দ্বের জের
কাজী ফিরোজকে কমিটি থেকে সরিয়ে দিলেন ক্ষুব্ধ এরশাদ
কাজী ফিরোজ রশীদকে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা নির্বাচন করা নিয়ে জাতীয় পার্টিতে (জাপা) রওশন এরশাদের সঙ্গে স্বামী এইচ এম এরশাদের দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। এরই জের ধরে এরশাদ গতকাল শনিবার দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতির পদ থেকে ফিরোজ রশীদকে সরিয়ে দিয়েছেন।
গতকাল শনিবার বিকেলে ছয় দিনের ব্যক্তিগত সফরে কলকাতায় যাওয়ার আগে জাপার চেয়ারম্যান এরশাদ দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি বিলুপ্ত করেন। একই সঙ্গে দলের আরেক সাংসদ সৈয়দ আবু হোসেনকে (বাবলা) আহ্বায়ক ও জহিরুল আলমকে সদস্যসচিব করে নতুন আহ্বায়ক ঘোষণা করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান।
অবশ্য, কাজী ফিরোজ দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদেও আছেন। তিনি প্রথম আলোর কাছে স্বীকার করেন, তাঁকে উপনেতা নির্বাচন করার প্রস্তাবের জেরে দলীয় প্রধান কমিটি ভেঙে দিয়েছেন। তিনি বলেন, ‘এতে আমি অসন্তুষ্ট নই। তিনি (এরশাদ) পার্টির চেয়ারম্যান। তিনি যা বলেন, তাই হবে। আমাকে সিটি থেকে সরিয়ে দিয়েছেন, দলে আছি।’
এদিকে নতুন আহ্বায়ক সৈয়দ আবু হোসেন ও তাঁর অনুসারীরা আজ রোববার কাকরাইলে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে এরশাদের পক্ষে শক্তি প্রদর্শনের আয়োজন করেছেন বলে তাঁর ঘনিষ্ঠ একজন নেতা জানিয়েছেন।
দলের কেন্দ্রীয় একাধিক নেতা জানান, বিরোধীদলীয় নেতা ও জাপার সংসদীয় দলের প্রধান হিসেবে রওশন এরশাদ জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার পদে কাজী ফিরোজ রশীদের নাম প্রস্তাব করে গত ২৭ জুলাই স্পিকারকে চিঠি দেন। কয়েক দিন পরে এরশাদ বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন এবং এ প্রস্তাবের বিরুদ্ধে গত শুক্রবার গণমাধ্যমে বিবৃতি দেন। এর মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ নিয়ে স্বামী-স্ত্রীর নতুন করে দ্বন্দ্ব শুরু হয়।
এ বিষয়ে গত শুক্রবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে কাজী ফিরোজ রশীদ তাঁকে উপনেতা নির্বাচন করা নিয়ে এরশাদের বিরোধিতার বিষয়ে বলেছিলেন, ‘উপনেতা নির্বাচন করা বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদীয় দলের প্রধানের বিষয়। এটা দলীয় কোনো পদ নয়। তাই এটা উনার (এরশাদ) এখতিয়ারের মধ্যে পড়ে না।’
এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ফিরোজ রশীদের এ মন্তব্যে এরশাদ ক্ষুব্ধ হন। দলে প্রভাবশালী অন্য কয়েকজন নেতাও কাজী ফিরোজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরশাদকে পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু দলীয় প্রধানের ক্ষুব্ধ হওয়ার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পার্টির চেয়ারম্যানের এখতিয়ার নেই, এমন কথা শোভন নয়। এতে তিনি মর্মাহত হয়েছেন।’