কাজীপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জের কাজীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৩ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঈদের আগে এডিবির কাজের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
তবে দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পৌর আওয়ামী লীগের সদস্য খোকন তালুকদার; পৌর যুবলীগের সভাপতি ফরিদ উদ্দিন, সহসভাপতি স্বপন তালুকদার, সম্পাদক নান্নু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য লিটন তালুকদার, সরোয়ার হোসেন ও জিন্নাহ মিয়া; ছাত্রলীগ কাজীপুর উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ সোহাগ, সদস্য রুহুল আমিন; পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিফুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, ঈদের আগে ১৫ জুলাই কাজীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চলতি বছরের এডিবির উন্নয়নমূলক কাজের লভ্যাংশের আট লাখ টাকা দলীয় নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি করা হয়। এ সময় টাকা ভাগাভাগি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারি লেগে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান বলেন, ঈদের আগে খরচ বাবদ নেতা-কর্মীদের মধ্যে কিছু বোনাস দেওয়া হয়। এ নিয়ে কিছু নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে সংগঠনবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা পরপন্থী কাজ করার অপরাধে ১৯, ২১ ও ২৩ জুলাই পৃথক সভায় এসব নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, অভিযুক্ত নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে কয়েকজন নেতার ওপর চড়াও হন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে পৃথক সভায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।