কাজীপুরে আ.লীগ কার্যালয় স্থাপন নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ঘর ওঠানোকে কেন্দ্র করে দলের স্থানীয় দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রশিকপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সমর্থক হাতেম আলী স্থানীয় দলীয় কার্যালয়ের জন্য একটি ঘর নির্মাণ করে দেন। কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমানের নেতৃত্বে পুরোনো ঘর ভেঙে নতুন ঘর তোলার উদ্যোগ নেওয়া হয়। এতে ক্ষুব্দ হাতেম আলী গতকাল শুক্রবার থানায় অভিযোগ দেন।
হাতেম আলী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাবেক সাংসদ তানভীর শাকিলের পরামর্শ নিয়ে দলের জন্য নিজ খরচে ঘরটি নির্মাণ করেছি। আমাকে হেয় করতেই এটা ভাঙার উদ্দ্যোগ নেওয়া হচ্ছে।’ এদিকে হবিবর রহমান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ নেতাদের সম্মতি নিয়েই নতুন ঘর ওঠানো হচ্ছে।’ কাজীপুর থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।