কাজের পুরস্কারে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘মানুষ আমাদের কাজের পুরস্কারস্বরূপ, আমাদের সেবার পুরস্কারস্বরূপ টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবে ইনশা আল্লাহ।’

আজ বুধবার রাজশাহীতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। সকালে নগরের নানকিং চায়নিজ রেস্টুরেন্টে ‘খাদ্যনিরাপত্তা আইন ও আমাদের করণীয়’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘মানুষকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে, মানুষের উপকার করার মধ্য দিয়ে আগামী নির্বাচনের জন্য এই সরকার প্রস্তুতি গ্রহণ করছে। মানুষ আমাদের কাজের পুরস্কারস্বরূপ, আমাদের সেবার পুরস্কারস্বরূপ টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবে ইনশা আল্লাহ। যদি আমরা সব কাজে সফলতা অর্জন করতে পারি।’

রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দারা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। স্বাগত বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আবদুল বাতেন মিয়া।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি সব মানুষের সাংবিধানিক অধিকার। সেই অধিকার রক্ষার জন্যই এই আইন। অতীতে অনেক সরকার গেলেও মানুষের নিরাপদ খাদ্য নিয়ে কেউ ভাবেনি। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভেবেছেন। এই সরকার মানুষের সরকার। প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে চান। পৃথিবীর অনেক দেশ আজকে মেনে নিয়েছে যে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন কামরুল ইসলাম।

পরে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী নেতারা অংশ নেন। তাঁদের নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন বিষয়ে অবগত করা হয়। এর আগে সকাল সাড়ে আটটায় একটি শোভাযাত্রা বের করা হয়। নগরের গভ. ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে সিঅ্যান্ডবি মোড়ে এসে শেষ হয়।