কাণ্ডজ্ঞান থাকলে অবরোধ প্রত্যাহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস উপল‌ক্ষে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
স্বাধীনতা দিবস উপল‌ক্ষে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উৎখাতে তাঁর উদ্দেশ্য সফল হবে না। দীর্ঘ ৮১ দিন অবরোধ করেও তারা ব্যর্থ হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া আমাকে হত্যা না করে ঘরে ফিরে যাবেন না এবং অবরোধ বন্ধ করবেন না। কিন্তু আমি মনে করি, তাঁর যদি কোনো কাণ্ডজ্ঞান থেকে থাকে, তাহলে অবরোধ প্রত্যাহার করা উচিত। কারণ ৮১ দিনেও তাঁর এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কর্মসূচি সফল হয়নি।’
৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, স্বাধনীতাকে নস্যাৎ করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো সক্রিয় রয়েছে। এ অপচেষ্টার অংশ হিসেবে তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে। বর্তমানে খালেদা জিয়া এ মিশনে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মদদ দিচ্ছেন।
ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ বছর শহীদ মিনার ও সাভার স্মৃতিসৌধে না যাওয়ায় খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে খালেদা জিয়া আবারও প্রমাণ করলেন তিনি ১৯৭১ সালের পরাজিত শক্তির দোসর।
শেখ হাসিনা বলেন, বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে— যা জঙ্গি তৎপরতারই অংশ। যে ব্যক্তির সামান্যতম মানবতাবোধ আছে, সে এটি সমর্থন করতে পারে না। অথচ একশ্রেণির তথাকথিত সচেতন নাগরিক যাঁরা একই খুনিদের মানবাধিকার নিয়ে সোচ্চার। এই তথাকথিত সচেতন মানুষ এতিমদের অর্থ আত্মসাৎ নিয়েও নীরবতা পালন করছেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। অতীতে জঙ্গিরা আমাকে বহুবার হত্যার পরিকল্পনা নিয়েছিল এবং সম্ভবত ভবিষ্যতেও তারা এটা করবে। কিন্তু এই অপশক্তির বিরুদ্ধে আমার লড়াই কখনো থামবে না।’
খালেদা জিয়াকে সরকার অবরুদ্ধ করে রেখেছে বলে বিএনপির দাবি নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া নিজেই নিজেকে তালাবদ্ধ করে রেখেছেন এবং আমাকে হত্যা করার আগ পর্যন্ত অন্তরীণ থাকার শপথ নিয়েছেন।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দলের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেনও আলোচনা সভায় বক্তব্য দেন।
দলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, কবি নির্মলেন্দু গুাণের লেখা ‘একটি কবিতা লেখা হবে’ কবিতাটি আবৃত্তি করেন। আলোচনা সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।