কাতারের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দাবি আ.লীগের
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।
আজ শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান। উপস্থিত ছিলেন কাতার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ পাটওয়ারী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মনোরঞ্জন সাহা, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও ফিরোজ মিয়া।
শফিকুল ইসলাম বলেন, ‘২০১৩ সালের মে মাসে দায়িত্ব নিয়ে কাতারে আসার পর থেকেই দেশবিরোধী কাজ করছেন রাষ্ট্রদূত। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে তাঁর পৃষ্ঠপোষকতায় কনসার্টের আয়োজন করা হয়েছে। আমাদের সবার প্রতিবাদের মুখে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ১৫ আগস্ট আমরা দূতাবাসে রক্তদান কর্মসূচি করি। তিনি সেটাও করতে দেননি। ঢাকায় হেফাজতের ঘটনার পর কাতারের কয়েকটি মসজিদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যা-তা বলা হয়েছে। নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। তাঁকে বারবার বলার পরেও তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেননি।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নিজ জেলায় মসজিদ করার নামে রাষ্ট্রদূত বিভিন্নজনের কাছ থেকে অনুদান নিয়ে অপব্যবহার করেছেন। দূতাবাসের আর্থিক অনিয়মের তদন্ত করতে যাঁরা যান, তাঁদের তিনি নানা অনৈতিক সুবিধা দেন। আর মাত্র ছয় মাসের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) করার কথা থাকলেও কাতারের দুই লাখ প্রবাসী বাংলাদেশি এখনো পাসপোর্ট পাননি। সেখানে একেকটি পাসপোর্ট করতে ছয় মাস লাগে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ‘রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি ও জামায়াতের লোকজনের যোগাযোগ। ২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযোগপত্রভুক্ত আসামির সঙ্গে তিনি বৈঠক করেছেন। তাঁর এসব অনিয়মের বিরুদ্ধে আমরা কাতারে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানে তাঁর লোকজন হামলা চালায়।’
শফিকুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের চিঠি দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন না করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি পাঠায় কাতারে। রাষ্ট্রদূতের ঘনিষ্ঠজনেরা প্রকাশ্যে বলছেন, ৫০ লাখ টাকা দিয়ে সব ঠিক করে ফেলা হয়েছে। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নইলে কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।
এই সংবাদ সম্মেলন ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার ‘প্রথম আলো’কে বলেন, ‘শফিকুল কাদের আওয়ামী লীগের কেউ না। কাতার আওয়ামী লীগের যাঁরা, তাঁরা তো এ বিষয়ে কোনো কথা বলেননি।’ সংবাদ সম্মেলনের বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এ নিয়ে আমার বলার কিছু নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তদন্ত করতে কাতার ঘুরে গেছেন। তাঁরাই এ ব্যাপারে প্রতিবেদন দেবেন।’