কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জনগণের সমস্যা নিয়ে ভাবুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাদা ছোড়াছুড়ি’ বন্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের সমস্যা নিয়ে ভাবার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর প্রতি এই আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এ প্রদর্শনীর আয়োজন করে।
গত শনিবার আওয়ামী লীগের এক আলোচনা সভায় বিএনপির নেত্রী খালেদা জিয়াকে ‘বিকৃত চরিত্র ও মানসিকতার’ বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিবর্জিত তো বটেই, ভয়ংকরও।’
জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পর্যায়ের ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। এর মধ্যে শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার একটি ছবিও রয়েছে।