কাদের মোল্লার ছেলের বক্তব্য আদালত অবমাননার শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লার রায়ের রিভিউ নিয়ে তাঁর ছেলের দেওয়া বক্তব্য আদালত অবমাননার শামিল।
আজ শুক্রবার সুরঞ্জিত সেনগুপ্ত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু একাডেমি’ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সভার আয়োজন করে।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘কাদের মোল্লার পোলা আইয়া কয় সুপ্রিম কোর্ট তার বাপেরে হত্যা করছে। কাদের মোল্লার ছেলে হাসান জামিলের এমন বক্তব্য আপত্তিকর, আদালতের প্রতি অবমাননাকর ও সংবিধান–বহির্ভূত।’
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাকে সরকার ‘হত্যা’ করেছে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে হাসান জামিল। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান জামিল বলেন, ‘২০১৩ সালের ১২ ডিসেম্বর সরকার ফাঁসি কার্যকরের নামে মূলত আমার বাবাকে হত্যা করেছে। আমার বাবা যথেষ্ট আইনি সুযোগ পাননি।’ তিনি বলেন, ‘আমার বাবাকে হত্যার ৩৪৮ দিন পর তাঁর করা রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এ রায়ে রিভিউ মেইনটেনেবল বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেন এবং বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যাবে। অথচ রায় প্রকাশের সাত দিনের মাথায় তাঁর ফাঁসি কার্যকর করা হয়। বাবা দুনিয়া থেকে বিদায়ের আগে জানতে পারলেন না, সংবিধান অনুযায়ী তাঁর রিভিউ করার অধিকার আছে কি না। যখন আইনের পূর্ণাঙ্গ আশ্রয় নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তখন সেটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছু নয়। এই সরকার আমার পিতাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে।’

ডিসিসি নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যকে অহেতুক আখ্যা দিয়ে সুরঞ্জিত বলেন, ‘সরকার নির্বাচন দিলেও দোষ, না দিলেও দোষ। ডিসিসি নির্বাচন করার যেই ঘোষণা করা হয়েছে, সেই তারা বলছে, আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই এই নির্বাচন। তাহলে এখন আমরা কোন পথে যাব। বিএনপিকে স্পষ্ট করতে হবে তারা নির্বাচন চায় কি না? তবে আপনি (খালেদা) নির্বাচন চান আর না চান, নগরবাসী নির্বাচন চায়। তাই গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচন দিতে হবে।’

নতুন নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের মনোভাবের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে খালেদা জিয়ার দৃষ্টি ঝাপসা ছিল, পরিষ্কার হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বক্তব্যে থলের বিড়াল বেরিয়ে গেছে। ইইউ বলে দিয়েছে, নির্বাচন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এখন আর তাদের শক্তি নেই।’