কাদের মোল্লার জন্য রাজধানীতে জামায়াতের মিছিল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধী আবদুল কাদের মোল্লার ফাঁসির প্রথম বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার ফুলবাড়িয়া, মিরপুর-১১ নম্বর ও কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকাল নয়টা থেকে ১০টার মধ্যে এসব মিছিল বের হয়।
বংশাল থানার পুলিশ জানায়, সকাল ১০টার দিকে জামায়াত-শিবিরের একটি মিছিল ফুলবাড়িয়া থেকে বের হয়ে নয়াবাজারের দিকে আসে। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। জামায়াত দাবি করেছে, মিছিল শেষে নয়াবাজারে গিয়ে সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ অতর্কিতে হামলা চালায়। এতে সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
কুড়িল এলাকায় মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন বলেন, সরকার বিচারের নামে প্রহসন করে আবদুল কাদের মোল্লাকে ‘হত্যা’ করেছে। তাঁকে পর্যাপ্ত আইনি সুবিধা দেওয়া হয়নি। জনগণ ‘শহীদ’ কাদের মোল্লার রক্ত বৃথা যেতে দেবে না। তিনি ‘বাকশালী ও ফ্যাসিবাদী’ সরকারের পতনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।