কাদের সিদ্দিকীর প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত মানছেন না বিএনপি প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
নির্বাচন

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিএনপির সমর্থনের ঘোষণা মেনে নেননি বিএনপির প্রার্থী। এ নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। গতকাল মঙ্গলবার নিজেদের মেয়র প্রার্থীকে প্রত্যাহার করে কাদের সিদ্দিকীর প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেয় বিএনপি।

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন আগামী শনিবার। সেখানে আওয়ামী লীগের প্রার্থী দলটির উপজেলা কমিটির সদস্য আবদুর রহিম আহমেদ, বিএনপির প্রার্থী দলের উপজেলা শাখার সভাপতি এনামুল করিম ওরফে অটল এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী দলের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান ওরফে টিপু।

মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি সামছুল আলম ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এক বিবৃতিতে জানান, দলের উচ্চপর্যায়ের নির্দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে বাসাইলে তাঁদের মনোনীত প্রার্থী এনামুল করিমকে নির্বাচন থেকে প্রত্যাহার করে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী রাহাত হাসানকে বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে।

কিন্তু এ ঘোষণা মেনে নেননি বিএনপির মেয়র প্রার্থী এনামুল করিম। আজ বুধবার তিনি প্রথম আলোকে জানান, নির্বাচনে তাঁর অবস্থান খুব ভালো। তিনি নিশ্চিত বিজয়ী হবেন। তাই নির্বাচন থেকে তিনি কোনো অবস্থাতেই সরে দাঁড়াবেন না।
জেলা বিএনপি সূত্র জানায়, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তমের নির্বাচনী এলাকা বাসাইল। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে বৃহত্তর ঐক্যের স্বার্থে কাদের সিদ্দিকীর দলকে মেয়র পদে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতারা। দলীয় ওই সিদ্ধান্ত মেনে নিতে এনামুল করিমকে অনুরোধ জানিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা একাধিক বৈঠক করেছেন।
বুধবার জেলা বিএনপির সভাপতি সামছুল আলম ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধিদল টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন। পরে জেলা বিএনপির নেতারা বিকেলে বাসাইল গিয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা করে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন।
জেলা বিএনপির সভাপতি সামছুল আলম জানান, দলের শীর্ষ পর্যায় থেকে বাসাইল পৌরসভায় মেয়র প্রার্থী এনামুল করিমকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁরা আশা করছেন, বৃহত্তর স্বার্থে এনামুল করিম এটা মেনে নেবেন। না মানলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের বাসাইল পৌরসভার প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান মেয়র পদে বিজয়ী হন। এবার তিনি অংশ নিচ্ছেন না। সে নির্বাচনে মাত্র ১৭ ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপির প্রার্থী এনামুল করিম। উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে তৃতীয় হন কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী রাহাত হাসান। সে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান চতুর্থ অবস্থানে ছিলেন।
বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ জন ভোটার। এবার নির্বাচনে তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।