কাদেরের উচিত বিএনপির প্রক্রিয়াকে সমর্থন করা: ফখরুল

সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিটি বক্তব্যের মধ্যে নেতিবাচক, উসকানিমূলক কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবেন না। একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়ার জন্য বিএনপি চেষ্টা করছে। ওবায়দুল কাদেরের উচিত হবে বিএনপরি সেই প্রক্রিয়াকে সমর্থন করে ইতিবাচক কথা বলা।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলনে।
মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে এবং সুসংহত করার জন্য বিএনপি কাজ করছে। বিএনপি মনে করে আগামীকালের জনসমাবেশ থেকে দেশের জনগণের প্রতি সে ধরনের বার্তা পৌঁছে দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, সমাবেশের প্রস্তুতির ক্ষেত্রে বিএনপি সব সময় তৈরি থাকে। খুব কম সময়ের নোটিশেও বিএনপি এ ধরনের সমাবেশের প্রস্তুতি নিতে পারে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কী—সাংবাদিকের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
আগামীকাল বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ধন্যবাদ জানান। তিনি বলেন, ডিএমপি ২৩টি শর্তে আগামীকাল বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। ঢাকা মহানগরে কোনো ধরনের সভা, সমাবেশ করার জন্য ডিএমপির কাছ থেকে অনুমতি নিতে হয়। যদিও এটি একটি নিবর্তনমূলক আইন, তবুও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এটা মেনে নিয়েছে।
ডিএমপির দেওয়া শর্তগুলোর মধ্যে আছে সোহরাওয়ার্দী উদ্যানের নির্দিষ্ট এলাকার বাইরে কোনো মাইক ব্যবহার না করা, বিকেল পাঁচটার আগেই অনুষ্ঠান শেষ করা, ঢাকার প্রধান সড়কে অবস্থান না নেওয়া, বড় কোনো মিছিল নিয়ে সমাবেশে না যাওয়া প্রভৃতি।
এ সময় ডিএমপি ও সরকারের কাছে ফখরুল ইসলাম অনুরোধ করেন, এই সমাবেশকে সফল, শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করবেন। আপনারা উসকানি দিয়ে, সমস্যা তৈরি করেন। কারণ, ইতিমধ্যে এই কয়েক দিনে বিএনপির অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের ওপর তাণ্ডব চালানো হয়েছে। এসব কর্মকাণ্ড উসকানির সৃষ্টি করে।
নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা সমাবেশ সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করবেন। চরম উসকানিতে আপনারা শান্ত থাকবেন। যেকোনো ধরনের উসকানি মোকাবিলা করে আগামীকালের সমাবেশ সফল করতে হবে।
গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত না করার কথা বলে ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন, যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, তাহলে সকল দায়-দায়িত্ব এই সরকারকে গ্রহণ করতে হবে। এই সমাবেশে বাধা দিয়ে সরকার রাজনৈতিক পরিবেশে বিঘ্ন ঘটাবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কামরুল আজম খান, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।