কাদেরের ত্রাণের বস্তায় ইউএন লেখা: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

বিদেশি ত্রাণ রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করে সরকার সুনাম কুড়াতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা গণহত্যা: বিশ্ব বিবেকের প্রতি চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক এক কনভেনশনে তিনি এ কথা বলেন।

বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই কনভেনশনের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোহিঙ্গাদের যে ত্রাণ দিয়েছেন, সেই ত্রাণের বস্তায় ইউএন লেখা, বিভিন্ন দেশের সংস্থার নাম লেখা। তারা বিদেশি ত্রাণ রোহিঙ্গাদের দিয়ে নিজেদের সুনাম কুড়াতে ব্যস্ত হয়ে পড়েছে।

নজরুল ইসলাম খান বলেন, রোহিঙ্গাদের ওই জায়গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে নেতিবাচক চিন্তা। এ ধরনের চিন্তা আসে যখন, তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে পারা যাবে না। এ ধরনের চিন্তা মিয়ানমারকে আরও সাহস জোগাবে। এ ধরনের চিন্তা থেকে সরে আসতে হবে সরকারকে।

কনভেনশনে আরও বক্তব্য দেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাশেমী, নায়েবে আমির আবদুর রব ইউসুফী প্রমুখ।