কাদেরের বক্তব্য প্রত্যাহার চান ফখরুল
সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে রাখতে বিএনপি রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে মিথ্যা দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কাদেরকে বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন।
আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গ্রন্থ আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার।
আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করেছেন।
কাদেরের এ বক্তব্য পুরোপুরি মিথ্যা দাবি করে সন্ধ্যায় মির্জা ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন, তাহলে কি রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগ বা ওবায়দুল কাদের সাহেবের গোপন যোগসাজশ আছে? বিভিন্ন রাজনৈতিক দল যে আলোচনায় যাচ্ছে এবং যেসব কথা বলছে, সেগুলো তাদের (আওয়ামী লীগ) সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সার্চ কমিটি করবেন? তাহলে এমন সার্চ কমিটির প্রয়োজন নেই। এ ধরনের সার্চ কমিটি জনগণ মেনে নেবে না এবং যদি আবার আওয়ামী লীগ বংশবদ সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন করা হয়, তাহলে জনগণ মেনে নেবে না।’
এর আগে আজ বিকেলে মির্জা ফখরুল প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছিলেন, সার্চ কমিটিতে কে এম হাসানকে রাখতে রাষ্ট্রপতির কাছে দলের পক্ষ থেকে নাম প্রস্তাবের কথা সর্বৈব মিথ্যা। এ কথার কোনো ভিত্তি নেই। বিএনপির সন্দেহ, রাষ্ট্রপতির সুনাম নষ্ট করতে ও তাঁকে বিতর্কিত করতে এ ধরনের কথা বলা হচ্ছে।
জাতীয় কমিটির হরতালে বিএনপির সমর্থন : সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি। আজ রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই সমর্থনের কথা জানান। ২৬ জানুয়ারি আধা বেলা হরতাল ডেকেছে জাতীয় কমিটি।
রিজভী দাবি করেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রামপাল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়। সরকারের উচিত সত্য স্বীকার করে এই প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসা।
রাষ্ট্রপতিকেও দায় নিতে হবে
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, গ্রহণযোগ্য সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশে যদি আবারও সংকট ঘনীভূত হয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, তার দায় সরকারের পাশাপাশি রাষ্ট্রপতিকেও নিতে হবে। বিএনপি ও জনগণ প্রত্যাশা করে, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে জনগণের মতামত উপলব্ধি করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠন করবেন। তা না করে সরকারের ইচ্ছানুযায়ী সার্চ কমিটি করা হলে তা হবে আরেকটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন।