কাদেরের সঙ্গে বিজেপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিদল। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে ওবায়দুল কাদেরের বাসভবনে তারা আলাপচারিতায় মিলিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে জানা গেছে। 

বিজেপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মুখপাত্র বিজয় শংকর শাস্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অরুণ হালদার। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে বিজেপির মুখপাত্র বিজয় শংকর শাস্ত্রী সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সীমানা আছে ঠিক। কিন্তু কোনো সাংস্কৃতিক সীমানা নেই। দুই দেশের মধ্যে চমৎকার সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো। তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।
ওবায়দুল কাদের বিজেপি প্রতিনিধিদলকে বলেন, বাংলাদেশে এখন অনেক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। বর্তমান বিশ্বে উন্নয়ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন হচ্ছে। বেশ কয়েকটি ফ্লাইওভারও হয়েছে। সাক্ষাৎকালে ওবায়দুল কাদের বাংলাদেশ-ভারতের মধ্যে রাজনৈতিক সাংস্কৃতিক চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে বলে উল্লেখ করেন।