কানাডা আদালতের রায়ে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নতুন উচ্চতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার আদালতে পদ্মা সেতু প্রকল্প মামলার রায়ের পর দেশে-বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ আরও বেড়েছে। তাঁর জনপ্রিয়তা নতুন উচ্চতা পেয়েছে।

ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়-সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। খবর বাসস।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য হলো আগামী জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করা। তিনি বলেন, ‘এ নির্বাচনে কেউ প্রার্থী নয়, প্রার্থী হচ্ছে নৌকা। নৌকা বিজয়ী করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। এ বিষয়ে এখন থেকে জনসংযোগ শুরু করতে হবে।’

প্রধানমন্ত্রী প্রার্থীদের ব্যাপারে তিনটি জরিপ করেছেন
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ব্যাপারে ইতিমধ্যে তিনটি জরিপ করিয়েছেন। নির্বাচনের আগে আরও দু-তিনটি জরিপ পরিচালনা করাবেন। এ বিষয়ে তিনি বলেন, এসব জরিপে যিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হিসেবে স্থান পাবেন, তিনিই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন।

সেতুমন্ত্রী বলেন, ২০১৪ সালের চেয়ে আওয়ামী লীগকে আরও যোগ্য ও স্মার্ট সংগঠন হিসেবে জনগণের সামনে তুলে ধরা হবে এবং ২০০৮ সালের মতো একটি নির্বাচনের মাধ্যমে একইভাবে আওয়ামী লীগকে বিজয়ী করা হবে।

হাসিনার জনপ্রিয়তা বাড়ায় ভয়ও বাড়ছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কানাডার আদালতে পদ্মা সেতু প্রকল্পের মামলার রায়ের পর দেশে-বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ আরও বেড়ে গেছে। তাঁর জনপ্রিয়তা নতুন উচ্চতা পেয়েছে। এ বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা যত বাড়ছে, ততই ভয়ও বাড়ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো কোনো দুর্যোগ এলে সব শেষ হয়ে যাবে। আওয়ামী লীগকে এ ধরনের অবস্থায় থাকা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে টিকে থাকতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দলকে জনপ্রিয় করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, সরকার উন্নয়নের কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে প্রযুক্তির যে বিপ্লব হচ্ছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে নেতা হতে চাইলে চলবে না। ভালো কর্মী হওয়ারও ইচ্ছা থাকতে হবে। কেননা আওয়ামী লীগ কর্মীনির্ভর দল। কর্মী না থাকলে আওয়ামী লীগ থাকবে না।

বিএনপি নির্বাচনে অংশ নেবে, কারণ নিবন্ধন বাতিলের আশঙ্কা
বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে উল্লেখ করে কাদের বলেন, গাধা যেমন ঘোলা করে পানি খায়, তেমনি বিএনপিও পানি ঘোলা করে নির্বাচন কমিশনকে মেনে নিয়েছে। আসন্ন ১৮টি উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। তাদের নির্বাচনে অংশ না নেওয়ার বিকল্প কিছু নেই। কারণ, আগামী নির্বাচনে তারা অংশ না নিলে তাদের নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কেননা এ সংগঠনটি হলো আওয়ামী লীগবিরোধী প্ল্যাটফর্ম। তারা মোটেও দুর্বল নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইগুলো পড়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা জেলা আওয়ামী লীগের অধীন উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা জানতে এ যৌথ সভার আয়োজন করা হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে যৌথ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমানের পরিচালনায় যৌথ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনামুর রহমান, আবদুল মালেক, সাবিনা আক্তার তুহিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ ও ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।