কানাডার আদালতকে হাছানের 'ধন্যবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করায় কানাডার ফেডারেল আদালতকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘কানাডার ফেডারেল আদালতকে ধন্যবাদ, বিএনপি যে সন্ত্রাসী দল এ সত্যটি রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন। একুশে ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির নেতাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবমাননার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা এত দিন ধরে বলে আসছিলাম বিএনপি তাদের রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। কারণ কোনো রাজনৈতিক দল আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে না। মানুষের গায়ে পেট্রলবোমা ছুড়তে পারে না। সরকারের কাছে দাবি জানাচ্ছি, মানুষ পুড়িয়ে হত্যা করার জন্য সন্ত্রাসী সংগঠন বিএনপির নেতাদের যেন হুকুমের আসামি করে বিচারের মুখোমুখি করা হয়।’
কানাডার আদালতের রায় নিয়ে বিএনপির নেতাদের বিভিন্ন অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘কানাডার বিচারব্যবস্থা অত্যন্ত স্বাধীন। সরকারও বিচার বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারে না। আপনারা নিজদের কর্মকাণ্ডের জন্যই সন্ত্রাসের দল হিসেবে চিহ্নিত হয়েছেন।’
একুশে ফেব্রুয়ারি খালেদা জিয়া পবিত্র শহীদ মিনারকে অপবিত্র করেছেন, এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘যে দল এ দেশের স্বাধীনতা চায়নি, যে দল এ দেশের অস্তিত্বে বিশ্বাসী নয়, যারা একাত্তর সালে পাকিস্তানিদের এ দেশে গণহত্যা চালাতে সাহায্য করেছিল, সেই জামায়াত-শিবিরের সঙ্গে খালেদা জিয়া জোট করেছেন। সুতরাং খালেদা জিয়ার কাছে কেবল শহীদ মিনার নয়, দেশও নিরাপদ নয়। আমি আশা করব, যারা শহীদ মিনারকে অপবিত্র করেছে, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’
চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, জি এম আতিক প্রমুখ।