কামরান না আসাদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিচ্ছন্ন রাজনীতির অহংকার আসাদ উদ্দিন আহমদকে মেয়র পদে দেখতে চাই।’ ‘ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন, আসাদ ভাইকে মেয়র পদে দেখতে চাই!’ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের ছবিসহ এ রকম ‘মেয়র দেখতে চাওয়ার’ পোস্টার শোভা পাচ্ছে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে।

সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০১৩ সালের ১৫ জুন। এ হিসাবে মেয়াদ শেষ হওয়ার আরও প্রায় বছর দেড়েক বাকি। এই আগাম প্রচারণায় নগরবাসীর মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও কথা-বার্তা শুরু হয়েছে। তাঁদের মনে প্রশ্ন, আগামী নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরান না আসাদ উদ্দিন আহমদ?

গত নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। এর আগে কামরান টানা ১৮ বছর পৌরসভার কমিশনার ও চেয়ারম্যান এবং সিটি করপোরেশনের মেয়র ছিলেন। ২০১৩ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর কামরানের বিকল্প প্রয়োজন বলে জানিয়েছিল দলের একটি পক্ষ। এই প্রথম কামরানের বিপক্ষে অবস্থান নিয়ে দলের কোনো নেতা মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ দেখালেন।

আসাদ উদ্দিন আহমদ স্থানীয় রাজনীতিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘরানার নেতা হিসেবে পরিচিত। ছাত্র অবস্থায় তাঁর রাজনীতির হাতেখড়ি। তিনি সিলেটের মদনমোহন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন। দলের একটি অংশ পরোক্ষভাবে কামরানের বিরোধিতা করে আগামী নির্বাচনে নতুন কাউকে প্রার্থী করার ব্যাপারে তোড়জোড় চালাচ্ছে। আর এ জন্য নগরে সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত আসাদউদ্দিন আহমদকেই বেশি পছন্দ তাঁদের। আসাদ উদ্দিনও তাতে সায় দিয়েছেন। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও নগরের মহল্লাভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। আমার কর্মী-সমর্থকেরাও বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। তাঁরা নগরের বিভিন্ন ওয়ার্ডে আমার সমর্থনে পোস্টার-ব্যানার সাঁটিয়েছেন। দলের সাধারণ কর্মীরাও আগামী নির্বাচনে দলের নতুন প্রার্থী দেখতে চান। কেন্দ্র নিশ্চয়ই তৃণমূলের কর্মীদের মতামতকে গুরুত্ব দেবে।’

এসব পোস্টার শোভা পাচ্ছে নগরের বন্দরবাজার, সুরমা পয়েন্ট, সুবিদবাজার, কালীবাড়ি, পাঠানটোলা, আম্বরখানাসহ নগরের প্রায় প্রতিটিওয়ার্ডে। ‘মেয়র পদে সামনে কামরান না আসাদ?’ এ প্রশ্ন রেখে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ড আওয়ামী লীগের ১৭ জন নেতা এবং ৩টির ২২ জন কর্মীর সঙ্গে কথা হয়। তাঁদের ভাষ্য, এত দিন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কামরানের বিপক্ষে দলের কেউ ছিলেন না। এখন আসাদ প্রার্থী হতে ইচ্ছুক হওয়ায় মহানগর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা পরোক্ষভাবে দুটি বলয়ে বিভক্ত হয়ে গেছেন। এ নিয়ে প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব না থাকলেও উভয় বলয়ের কর্মীদের মধ্যে ভোটের রাজনীতির মনস্তাত্ত্বিক বিভাজন তৈরি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আরও প্রায় দেড় বছর বাকি। এসব বিষয় নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। মেয়র পদে প্রার্থিতার আগাম প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘জনপ্রিয়তা বিচার করে কেন্দ্র আগামী নির্বাচনে মেয়র পদে অবশ্যই আমাকে সমর্থন দেবে। গত নির্বাচনে পরাজয়ের পর এক দিনের জন্যও নগরবাসীর কাছ থেকে সরে যাইনি। তাই নগরবাসী এখন পুনরায় আমার প্রয়োজনীয়তার বিষয়টি বুঝতে পেরেছেন।’