কামরুল বিকারগ্রস্ত: কৃষক দল
‘আসল’ বিএনপির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় কামরুল হাসানকে ‘মানসিক ভারসাম্যহীন ও বিকারগ্রস্ত’ বলে আখ্যা দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল। বিএনপির এই অঙ্গ সংগঠনটি বলেছে, এই নামের কোনো ব্যক্তি অতীতে কোনো দিন কৃষক দলের কোনো পদে ছিলেন না, এখনো নেই। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করারও হুমকি দিয়েছে সংগঠনটি।
আজ সন্ধ্যায় এক বিবৃতিতে কৃষক দল এ কথা জানায়। বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘বিকারগ্রস্ত ওই ব্যক্তি সরকারের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্য নিয়ে তথাকথিত সংবাদ সম্মেলন করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ’
কৃষক দল বলেছে, ‘জনৈক কামরুল হাসান নাসিম নামে এক ব্যক্তির সংবাদ সম্মেলনের বিষয়টি কৃষক দলের নজরে এসেছে। তিনি নিজেকে বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে পরিচয় দেওয়ায় কৃষক দল এ ব্যাপারে বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করেছে। ’