কামাল মজুমদারের সেই 'আদালত' বিলুপ্ত
ঢাকা-১৫ আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের সেই কথিত ‘আদালত’ বিলুপ্ত করা হয়েছে।
গতকাল শনিবার সকালে বিচারপ্রার্থী কিছু মানুষ রাজধানীর পল্লবীতে সাংসদের ব্যক্তিগত কার্যালয় মোহনায় স্থাপিত ‘সামাজিক বিচার কমিটি’ নামে ওই আদালতে গেলে জানানো হয়, এই আদালত বিলুপ্ত করা হয়েছে। এরপর দুপুর ১২টার দিকে কামাল মজুমদারের ব্যক্তিগত কার্যালয়ের সামনে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়।
২১ আগস্ট তারিখে স্বাক্ষরিত কামাল মজুমদারের জাতীয় সংসদের প্যাডে ওই ‘বিশেষ বিজ্ঞপ্তি’তে লেখা হয়েছে, ‘ঢাকা-১৫ আসনের সম্মানিত অধিবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতিপূর্বে আমার কার্যালয় থেকে গঠিত সামাজিক সালিশ কমিটি এবং উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কমিটির সকল কার্যক্রম বিলুপ্তি করা হলো। এখন থেকে যদি কেউ এই কমিটির নাম ব্যবহার করে তাহলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করছি।’
১৭ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায়—সাংসদের দপ্তরে ‘আদালত’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, সালিসের নামে প্রচলিত আইনের বাইরে বিশেষ একধরনের বিচারব্যবস্থা চালু করেছেন কামাল মজুমদার। বিচার করার জন্য তিনি গঠন করেছেন পাঁচ সদস্যের কমিটি। প্রতি শনিবার এই কমিটি বৈঠকে বসে শুনানি করে। এলাকার মানুষের লিখিত অভিযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে এবং ভয় দেখিয়ে হাজির হতে বলা হয়। হাজির না হলে একতরফা রায় দেওয়ার হুমকি দেওয়া হয়। রায় মানতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।