কামাল, মান্না গং ষড়যন্ত্রে লিপ্ত: তাপস
আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের আমরা ভালো করেই চিনি। ড. কামাল ও মাহমুদুর রহমান মান্না গং ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ বারবার তাঁদের প্রত্যাখ্যান করেছে।’
আজ রোববার দুপুরে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফজলে নূর তাপস বলেন, ‘যে প্রতিক্রিয়াশীল শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই শক্তি থেমে নেই। বারবার চেষ্টা করা হয়েছে জঙ্গিবাদ সৃষ্টি করে, যুদ্ধাপরাধীদের দিয়ে শেখ হাসিনার সরকার উৎখাত করার অথবা তাঁকে হত্যা করার। সবকিছু যখন ব্যর্থ হলো, এখন তারা ভর করছে আমাদের আস্থার ঠিকানা, সাধারণ মানুষের সবচেয়ে সম্মানের জায়গায় রাখা বিচার বিভাগের ওপর।’
বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে সেই রায়ের এই বক্তব্যের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তারা বিচার বিভাগকে কলুষিত, কলঙ্কিত করতে চায়। বিচার বিভাগীয় নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এটা করে তারা সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করে অন্য পথে নতুন সরকার গঠন করতে চায়।’
ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নার প্রতি ইঙ্গিত করে ফজলে নূর তাপস বলেন, ‘ভুলে যাবেন না, আপনি ড. কামাল হয়েছেন শুধু বঙ্গবন্ধুর কারণে। মাহমুদুর রহমান মান্না হয়েছেন আজকের প্রধানমন্ত্রীর কারণে। মুনাফেকির সীমা থাকে। বিশ্বাসঘাতকতার সীমা থাকে। যদি সাহস থাকে নির্বাচনে আসুন। সামনে সাংবিধানিক ধারায় নির্বাচনে আসুন।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ষড়যন্ত্র অনেক আগে থেকেই শুরু হয়েছিল। প্রধানমন্ত্রীর ওপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। মাইনাস টু ফর্মুলা করা হয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ষড়যন্ত্র এখনো থেমে নেই।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, রায় নিয়ে বিচারপতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অত্যন্ত গর্হিত, অপ্রাসঙ্গিক কথা বলেছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।