কার নজরদারিতে লক্ষ্মীপুর জেলা আ.লীগের সভাপতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনকে নজরদারিতে রাখতে তাঁর বাসার সামনে কে বা কারা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাসার সীমানাপ্রাচীর থেকে চার-পাঁচ গজ দূরে একটি বৈদ্যুতিক খুঁটিতে গত বুধবার সিসি ক্যামেরাটি বসানো হয়।
এম আলাউদ্দিন গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, আগামী ৩ মার্চ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। তিনি এবারও সভাপতি পদে লড়ছেন। পৌর মেয়র আবু তাহের, সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামালসহ আরও পাঁচজন সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন। জেলা আওয়ামী লীগের এই নেতার দাবি, তাঁর সঙ্গে কাউন্সিলররা যাতে যোগাযোগ করতে না পারেন, সে জন্য ভয় দেখাতেই ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মেয়র আবু তাহেরের ছেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও ছোট ছেলে শাহাদাত হোসেন এ কাজে জড়িত থাকতে পারেন বলে তিনি অভিযোগ করেছেন।
তবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু সিসি ক্যামেরা বসানোর অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে তিনি জানান, লক্ষ্মীপুরে কিছু হলে সবাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর দাবি, নিরাপত্তার জন্য দুই মাস আগে গুরুত্বপূর্ণ স্থাপনা, কার্যালয়, বাড়িতে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মানুষকে উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছিল। কিন্তু সভাপতির বাসার সামনে ক্যামেরা কী কারণে বসানো হয়েছে, তা তাঁর জানা নেই।
জেলা আওয়ামী লীগের সভাপতি জানান, তাঁর বাসার সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর বিষয়টি গত বৃহস্পতিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলেছেন তিনি। ক্যামেরা সরাতে এবং তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরদিন পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনও করা হয়েছে।
লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ল-ইয়ার্স কলোনিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন এম আলাউদ্দিন। তাঁর বাসার সামনে হারুন নামের একজনের বাসা থেকে সিসি ক্যামেরাটি তদারকি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
লক্ষ্মীপুর বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, তাদের পক্ষে সেখানো কোনো বৈদ্যুতিক খুঁটিতে সিসি ক্যামেরা বসানো হয়নি। উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, সিসি ক্যামেরা বসানোর বিষয়টি তাঁর জানা নেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি বলে প্রথম আলোকে জানান।
তবে এম আলাউদ্দিনের ছেলে আইনুল আহমেদ জানান, ক্লোজড সার্কিট ক্যামেরা সরানোর জন্য এবং তদন্তপূর্বক যাঁরা এই ক্যামেরা স্থাপন করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গত শুক্রবার জেলা পুলিশ সুপারের কাছে তিনি আবেদন করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের মুঠোফোনে গতকাল রাতে একাধিকবার চেষ্টা করেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
রামগতিতে ভূরিভোজ: রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, সম্মেলন সামনে রেখে রামগতিতে কাউন্সিলরদের ভূরিভোজ করিয়েছেন সভাপতি পদপ্রার্থী আবু তাহের। গত রোববার রামগতি পৌর চত্বরে শামিয়ানা টানিয়ে চলে এই ভোজসভা। খাওয়ানো হয় তিন শতাধিক নেতা-কর্মীকে। ৩১ কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন ২৮ জন। এতে সাদা ভাতের সঙ্গে ছিল মুরগির রোস্ট, গরুর মাংস, ভাজা মাছ, সবজি আর দই।
নাম প্রকাশ না করার শর্তে মেজবানে উপস্থিত এক কাউন্সিলর বললেন, বউভাতের আমেজে অনুষ্ঠিত ওই মেজবানে তাঁরা ছিলেন বরযাত্রীর মেজাজে।
দলীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার সচিব আলাউদ্দিন দিদার ছিলেন এই ভোজ আয়োজক কমিটির আহ্বায়ক। তাহের এই পৌরসভার মেয়র।
সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করার বিষয়ে জানতে চাইলে আলাউদ্দিন বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি বিবেচনা করে সেখানে যাইনি। মেয়রের সচিব হিসেবে মেয়রের কর্মসূচিতে সেখানে খাওয়াদাওয়ার বিষয়টি দেখভাল করেছি।’
ভোজের আগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মওলা চৌধুরী। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি পদপ্রার্থী আবু তাহের ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুরউদ্দিন চৌধুরী। তাঁরা পরস্পরের আত্মীয়।
সভায় আবু তাহের বলেন, ‘ভোট চাইতে আসিনি, দাওয়াত দিতে এসেছি। সম্মেলনে ৩০ হাজার নেতা-কর্মী উপস্থিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে আমার পক্ষ থেকে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হবে।’
রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মওলা চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ এই সভা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তাঁরা বলেন, বিষয়টি কাউন্সিলররা বিবেচনা করবেন। তবে কাউন্সিলররা এ আয়োজনকে ‘উদ্দেশ্য হাসিলের কৌশল’ হিসেবে দেখছেন। কয়েকজন কাউন্সিলর তাঁদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, নেতা নির্বাচনে তাঁরা কোনো প্রলোভনে প্রভাবিত হবেন না।