কার বিরুদ্ধে এই জনমত গড়ে তুলবেন?
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ক্ষমতাসীনদের জনমত গঠনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণমাধ্যম থেকে আমরা জানতে পারলাম, মন্ত্রিসভার বৈঠকে রায়ের বিরুদ্ধে জনমত গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কার বিরুদ্ধে এই জনমত গড়ে তুলবেন। যে রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, তার বিরুদ্ধে জনমত?’
আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জনমত গঠনে জনগণকে পাশে পাবে না তারা।’
বিএনপির মহাসচিব বলেন, এ রায়ের পর সরকারের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় টিকে থাকার। এই রায়ে বাংলাদেশের রাজনীতি ও সমাজের চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগ সরকার এখন জনবিচ্ছিন্ন। প্রহসনের নির্বাচনে জোর করে ক্ষমতায় এসেছে। এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ভোটকেন্দ্রে যাননি। তাহলে তাঁরা কিসের জনপ্রতিনিধিত্ব দাবি করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই জনগণের ভোটে এসেছে। পক্ষান্তরে আওয়ামী লীগ ভোট ছাড়া জোর করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে এবং বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় এসেছে বলে সবাই জানে।
মির্জা ফখরুল বলেন, সরকারের এমপি-মন্ত্রীরা কথায় কথায় আইনের শাসনের কথা বলেন। কোন সে আইনের শাসন। যে সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, সেই সংসদে অনুমোদিত আইনের শাসন। এই আইন বেআইনি। এই আইন জনগণের বিরুদ্ধে।
মওদুদ আহমদ বলেন, ‘এই সরকারের জনসমর্থন তলিয়ে গেছে। যার জন্য এরা বিএনপিকে কোনো সভা-সমাবেশ করতে দিতে চায় না, ভয় পায়।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আমিনুল হক, মীর নাছির উদ্দিন, নিতাই রায় চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
সংসদ ভাঙা ছাড়া পথ নেই
সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তিনি বলেন, ‘আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, যে নির্বাচনে সব দল অংশ নেবে। এ অবস্থা যদি সৃষ্টি করতে হয়, একটা স্বতন্ত্র ও শক্তিশালী নির্বাচন কমিশন ইজ এ মাস্ট, এর কোনো বিকল্প নেই। কিন্তু এটাই একমাত্র সমাধান নয়। এরপরেও আরও কতগুলো বিষয় একান্তভাবে দরকার। যেগুলোকে বলা হয় লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। এর অনেকগুলো শর্ত আছে, প্রথম শর্ত হলো জাতীয় সংসদ, দ্যাট হ্যাজ টু বি ডিজলভড। এটা ছাড়া কোনো পথ নেই।’
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে এমাজউদ্দীন আহমদ বলেন, ১২৩ অনুচ্ছেদের ‘ক’ ব্যবস্থা হলো সংসদের কার্যকাল পূর্ণ করার ৯০ দিন আগে নির্বাচন। অর্থাৎ তখন আর সংসদ ভাঙার প্রয়োজন হচ্ছে না। আর ‘খ’ ব্যবস্থা হলো সংসদ কার্যকাল পূর্ণ করার ৯০ দিনের মধ্যে, অর্থাৎ তখন সংসদ ভেঙে যেতে পারে, সংসদ থাকে না। দ্বিতীয়টি কার্যকর হলে প্রধানমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি নিয়ে ‘ছড়ি ঘোরাতে’ পারবেন না।
বাংলাদেশ সেন্টার ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিডিডি) নামের একটি সংগঠন ‘নির্বাচনী রোডম্যাপ: নিরপেক্ষ নির্বাচনে সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।