ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ক্ষমতাসীনদের জনমত গঠনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণমাধ্যম থেকে আমরা জানতে পারলাম, মন্ত্রিসভার বৈঠকে রায়ের বিরুদ্ধে জনমত গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কার বিরুদ্ধে এই জনমত গড়ে তুলবেন। যে রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, তার বিরুদ্ধে জনমত?’
গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জনমত গঠনে জনগণকে পাশে পাবে না তারা।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আমিনুল হক, মীর নাছির উদ্দিন, নিতাই রায় চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন।