কারও প্রতি শৈথিল্য দেখানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে এম নুরুল হুদা
কে এম নুরুল হুদা

নির্বাচনে কারও প্রতি শৈথিল্য না দেখানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, দলীয় প্রভাবশালী কোনো ব্যক্তি অকারণে ভোটকেন্দ্রে প্রবেশ করলে তাঁকে কঠোরভাবে দমন করতে হবে।
গতকাল শনিবার সকালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
মতবিনিময় সভায় তিনজন প্রিসাইডিং কর্মকর্তা ও দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নির্বাচনী পরিবেশ ও ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার বিষয়ে করণীয় কী, তা সিইসির কাছে জানতে চান। জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনে কেউ অতিরিক্ত কিছু করলে ছাড় দেবেন না। দায়িত্ব পালনের ক্ষেত্রে সংকোচ ও দ্বিধা নেই।’
সিইসি বলেন, ‘কারও প্রতি শৈথিল্য দেখানো যাবে না। ভোটকেন্দ্রে কোনো ব্যক্তি বা দলীয় প্রভাবশালী ব্যক্তি অকারণে প্রবেশ করলে তাঁকে কঠোরভাবে দমন করতে হবে। ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার চেয়ে বড় প্রভাবশালী আর কেউ নেই। তাঁর অধীনে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোথাও কেউ অযৌক্তিক কোনো কিছু ঘটাতে চাইলে তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং কর্মকর্তা সেটি নির্মূলে স্বপ্রণোদিত হয়ে ভূমিকা রাখতে পারবেন।’
কে এম নুরুল হুদা বলেন, ‘দেশে পরিপূর্ণ গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনবে কুমিল্লার নির্বাচন। আমি কুমিল্লার নির্বাচনকে কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমি এখনো বিশ্বাস করি, কুমিল্লার মানুষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নির্বাচনকে উত্তরণ ঘটাবে।’