কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেই ব্যবস্থা নিতে হবে কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, হলুদ সাংবাদিকতা যেমন পরিহার করতে হবে তেমনি গণমাধ্যমে কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেই ব্যবস্থা নিতে হবে এমনটি ঠিক নয়।
গতকাল রোববার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন। তিনি পুনরায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকেও এ অনুষ্ঠানে সংবর্ধনা দেয় প্রেসক্লাব।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় হানিফ বলেন, ‘যারা দেশকে ধ্বংস করতে চায়, দেশের মানুষের বিরুদ্ধে কর্মসূচি দেয়, তাদের বিরুদ্ধে শক্ত হাতে কলম ধরতে হবে। সাংবাদিকেরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন বলেই দেশের মানুষ অনেক সুবিধা পায়।’
সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।