কারও সমাবেশে বাধা দেওয়ার ইচ্ছা আ.লীগের নেই: নানক
বিএনপিসহ কারও সমাবেশে বাধা দেওয়ার অভিপ্রায় আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ‘আমরা বিএনপিসহ কাউকেই কোথাও কর্মসূচি পালনে বাধা দিচ্ছি না। দেওয়ার ইচ্ছাও নেই।’
গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এ কথা বলেন।
গাজীপুরের সমাবেশে কি আওয়ামী লীগ বাধা দেয়নি—এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নানক বলেন, ‘গাজীপুরে বিএনপিকে সমাবেশ করতে আওয়ামী লীগ বাধা দেয়নি। সেখানে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বক্তব্যের কারণে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ তাদের সমাবেশ করতে দেয়নি। আমাদের কোনো নির্দেশনা নেই।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহন, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুস ছাত্তার, কেন্দ্রীয় সদস্য এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।