ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীই অনড়। এ কারণে দলটি সেখানে প্রার্থী দিতে পারেনি। দলের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এতে দ্বিধায় পড়েছেন দলটির কর্মী-সমর্থকেরা।
দলীয় সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই পাঁচজনকে ইউনিয়ন থেকে একজন করে চেয়ারম্যান প্রার্থীর নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠাতে বলা হয়। এ নির্দেশনা মেনে ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলার ৫৩টি ইউপিতে পর্যায়ক্রমে বিএনপি দলীয় প্রার্থী বাছাই করে। পঞ্চম ধাপে সদর উপজেলার নয়টি ইউপির আটটিতে প্রার্থী বাছাই করে কেন্দ্রে পাঠানো হয়। বিভক্তির কারণে বালিয়া ইউপিতে কারও নাম পাঠায়নি কমিটি। এ নয়টি ইউপিতে ভোট ২৮ মে।
বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন, বাছাই কমিটির সভায় ইউনিয়ন বিএনপির প্রতিনিধিরা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জুলফিকার আলী ভুট্টোর পক্ষে মত দেন। কিন্তু সদর থানা বিএনপির সহসভাপতি আফাজউদ্দিন ভূঁইয়াও মনোনয়ন চান। এ দুই মনোনয়নপ্রত্যাশীর অনড় অবস্থানকে ঘিরে উপজেলা ও জেলা বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। পরে প্রার্থী চূড়ান্ত করতে ১৭ এপ্রিল জেলা পর্যায়ের নেতারা দুই মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আলোচনায় বসেন। এরপরও কেউ ছাড় দিতে রাজি হননি। এ অবস্থায় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেন নেতারা। এ সিদ্ধান্তের পর জুলফিকার আলী ভুট্টো ও আফাজউদ্দিন ভূঁইয়া দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
ইদ্রিস আলীর মতে, বালিয়া ইউনিয়নে বিএনপির ভোট বেশি। একক প্রার্থী বাছাই করতে গিয়ে দলের ক্ষতি যেন না হয়, সে জন্য বিএনপির কোনো প্রার্থী দেওয়া হয়নি। এ সিদ্ধান্তের কারণে দলের কর্মী-সমর্থকেরাও নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভাগ হয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনিও জুলফিকার আলী ভুট্টোর সমর্থনে কাজ করছেন। ইউনিয়নের ৮০ শতাংশ নেতা-কর্মী জুলফিকারের সঙ্গেই আছেন।
স্বতন্ত্র প্রার্থী আফাজউদ্দিন ভূঁইয়া বলেন, ‘ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কয়েকটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে জুলফিকার আলীর পক্ষে কাজ করছেন। কিছু নেতা-কর্মী টাকা দিয়ে ভোট কিনে নিলেই জয়ী হওয়া যাবে না। ভোটাররা আমার সঙ্গেই আছেন। জয়ী হয়ে প্রমাণ করতে চাই, আমার হাতে ধানের শীষ তুলে না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।’ জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘গত নির্বাচনে অল্প ভোটে পরাজিত হয়েছিলাম। ইউনিয়নের নেতা-কর্মীরা প্রার্থী হতে আমাকে চাপ দেন। তাঁদের সমর্থনেই প্রতিদ্বন্দ্বিতা করছি। ধানের শীষ না পাওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে। যাঁরা আমাকে ধানের শীষে ভোট দিতেন না, তাঁরাও এখন ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। দলের নেতা-কর্মীরা টাকার জন্য নয়, ভালোবেসেই আমার সমর্থনে কাজ করছেন।’