কারচুপি হলে আন্দোলনে নামবে বিএনপি
দল বেধে সকাল সকাল ভোট দিতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে বিএনপি। ভোট শেষে ফল গণনা পর্যন্ত কেন্দ্রের আশপাশে থাকতে বলা হয়েছে। যাতে দলের সাধারণ সমর্থক ও ভোটারদের জন্য আস্থার পরিবেশ তৈরি হয়। আর নির্বাচনে কারচুপি হলে আবার আন্দোলনে নামবে বিএনপি।
দলের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। ভোট পর্যবেক্ষণে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল আটটা থেকে ‘মনিটরিং সেল’ কাজ শুরু করবে। দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সাংবাদিকদের সময়-সময় ব্রিফ করবেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকেও ভোটের ওপর নজর রাখা হবে। এ ছাড়া ঢাকা দক্ষিণে মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের বাড়িতে এবং উত্তরে মহাখালীর অ্যাঙ্কর টাওয়ারে মনিটরিং সেল কাজ করবে।
বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দলের নীতিনির্ধারকদের আশঙ্কা, নির্বাচন সুষ্ঠু হবে না। দিনের শুরুতেই সরকারদলীয় লোকেরা কেন্দ্র দখলে নিয়ে নিতে পারেন। ভয় দেখিয়ে এজেন্টদের কেন্দ্র ছাড়া করার পরিস্থিতিও তৈরি করা হতে পারে। এ আশঙ্কায় বিএনপিও প্রতি কেন্দ্রে এক থেকে দুই শ নেতা-কর্মীকে সংগঠিত ও সক্রিয় থাকতে বলেছে।
বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকার-সমর্থকেরা কেন্দ্র দখলে নিয়ে নিলে তা ঠেকাবার মতো শক্তি-সামর্থ্য দলের নেই। এ অবস্থায় দলের কৌশল হচ্ছে, কেন্দ্র দখল বা ভোট কারচুপির ঘটনা ভালোভাবে প্রকাশ করা। পরে আন্দোলনে যাতে নির্বাচনকে জোরালো ইস্যু করা যায়। সে লক্ষ্যে প্রতি কেন্দ্রে নেতা-কর্মীদের যেকোনো মূল্যে অবস্থান নিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা উত্তর সিটির নির্বাচন সমন্বয়কারী মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন ,‘যদি ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, এজেন্টদের যেতে দেওয়া না হয়, তাহলে ভোটের অধিকারের জন্য আমরা যে আন্দোলন করছি, তা আরও জোরদার করব।’
বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, নির্বাচনে জিতলে বিএনপির লাভ। হারলেও ক্ষতি নেই। নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপির আন্দোলনের যৌক্তিকতা আরও জোরালো হবে। আর জিতলে সরকারের জন্য তা বাড়তি চাপ সৃষ্টি করবে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার ওপর সরকারদলীয় নেতা-কর্মীদের আক্রমণ এবং নির্বাচন কমিশন ও প্রশাসনের বৈরী আচরণ সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের পৃথকভাবে অবহিত করেছে বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন আদর্শ ঢাকা আন্দোলন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা বিএনপির একাধিক নেতা জানান, দলের নির্বাচন প্রস্তুতি সম্পন্ন। দুই সিটিতে মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট নিয়োগও হয়েছে। দুই এলাকার ৮০ ভাগ এজেন্টকে নির্বাচনবিষয়ক প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তরের বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীর অন্যতম সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীরা ভয়ে আছেন, পুলিশও গ্রেপ্তার-হয়রানি করছে। এত অসুবিধার মধ্যেও নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক দলের যতটুকু প্রস্তুতি থাকা দরকার, তার কোনো ঘাটতি নেই।
এদিকে ঢাকায় কাউন্সিলর প্রার্থী নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব আপাতত কমেছে। গত রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে জামায়াতের একজন প্রতিনিধি অংশ নেন। আগের দিন শনিবার দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি করপোরেশনে জামায়াত ও ২০-দলীয় জোট-সমর্থিত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বিবৃতি দেন।
বিএনপি ও জামায়াত সূত্র জানায়, কাউন্সিলর প্রার্থী নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কের অবনতি হয়। যার কারণে ২০-দলীয় জোট-সমর্থিত মেয়র প্রার্থীদের প্রচারে ছিল না জামায়াত। এমনকি জোটের সমন্বয় সভায়ও তাঁরা যাননি। তবে মান ভাঙানো হলেও কাউন্সিলর প্রার্থী নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের কোনো সমন্বয় হয়নি। ফলে উত্তর ও দক্ষিণে বিএনপির পাশাপাশি ১৯টি সাধারণ ও সংরক্ষিত সাতটিসহ ২৬টি ওয়ার্ডে জামায়াত-সমর্থিত প্রার্থীরা সক্রিয় আছেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, দল-সমর্থিত মেয়র প্রার্থীদের জয়ী করতে সামর্থ্যের সবটুকু দিয়ে মাঠে নামতে বলা হয়েছে। নেতারা মনে করছেন, নির্বাচনে হেরে গেলে বিএনপিকে আরও চেপে ধরবে সরকার। এর ফলে আর রাস্তায় দাঁড়ানো সহজ হবে না। আর জিততে পারলে পরিস্থিতি পাল্টাবে। নির্দলীয় সরকারের অধীন নতুন সংসদ নির্বাচনের দাবি জোরদার করা যাবে।
এ বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘প্রতিকূলতার মধ্যেও আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা মনে করি, পরিবর্তনের পক্ষে জনগণের জোয়ার উঠেছে। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে অবশ্যই বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে বিজয় আসবে।’