কারচুপির শঙ্কা, কেন্দ্রে যাবেন কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির প্রার্থীরা কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা বলেছেন, কারচুপি ঠেকানোর লক্ষ্যে দলটির সভাপতি কাদের সিদ্দিকী কয়েকটি ভোটকেন্দ্রে অবস্থান করবেন।

আজ রোববার সখীপুরের গজারিয়া ও দাড়িয়াপুর ইউপিতে ভোট নেওয়া হবে। মেয়াদ শেষ না হওয়ায় এগুলোতে আগে নির্বাচন হয়নি। একই দিন হাতিবান্ধা ইউপির সংরক্ষিত ৩ নম্বর (৭, ৮, ৯ নম্বর) ওয়ার্ডের সদস্যের মৃত্যুজনিত কারণে উপনির্বাচন হবে।

দাড়িয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আনছার আলী, কৃষক শ্রমিক জনতা লীগের ছানোয়ার হোসেন ও বিএনপির কবির হাসান।

কৈয়ামধু গ্রামের স্কুলশিক্ষক আবদুল হামিদ বলেন, দাড়িয়াপুরইউনিয়নের পূর্বাঞ্চলে উঁচু ভূমিতে আওয়ামী লীগের প্রার্থী আর পশ্চিম অঞ্চলের নিচু ভূমিতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীর বাড়ি। সেই হিসাবে আঞ্চলিকতার টানে গামছা মার্কার প্রার্থী এগিয়ে রয়েছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ছানোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের প্রার্থী নিশ্চিত হেরে যাবেন—এই ভয়ে কারচুপির আশ্রয় নেবেন। তাঁরা কেন্দ্র দখল করতে পারেন।

বিএনপির কবির হাসান বলেন, তিনিও ভোট কারচুপির শঙ্কায় আছেন। সুষ্ঠু ভোট হলে তিনি জিতবেন।

তবে আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী বলেন, ‘একই এলাকায় বিএনপি ও গামছা মার্কার প্রার্থী থাকায় আমার জয় নিশ্চিত। তাঁরা পরাজয়ের ভয়ে কারচুপির শঙ্কার কথা বলছেন।’

গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আবদুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের বাদল মিয়া, বিএনপির গোলাম মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শান্তিকুঞ্জ একাডেমির সহকারী শিক্ষক তাইবুর রহমান বলেন, গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বাদল মিয়া বলেন, এখানে ভোট কারচুপির শঙ্কা রয়েছে।

তবে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান বলেন, এখানে বাকি তিন প্রার্থী মিলেও তাঁর সমান ভোট পাবেন না। তাই তাঁরা শঙ্কা করছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুননবী সোহেল গতকাল প্রথম আলোকে বলেন, ভোটে কারচুপি হয় কি না, দেখতে তিনি (কাদের সিদ্দিকী) ভোটের দিন গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্রে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। গত এক সপ্তাহ তিনি প্রচারণাও চালান।