কারাগারে চরম অবহেলায় গউসুলের মৃত্যু: খালেদা
কারাগারে দলের গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক গউসুল আজমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকেলে এক বিবৃতিতে খালেদা জিয়া এ অভিযোগ করেন। গতকালই গাইবান্ধা জেলা কারাগারে গউসুল মারা যান।
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সরকারের দুঃশাসনে কারাগারে আটক বিএনপির নেতা-কর্মীরা প্রায়ই মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, যা রহস্যজনক।’ খালেদা জিয়া প্রয়াত গউসুল আজমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।
সমাবেশ নিয়ে টালবাহানা: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের তারিখ ঘোষণা করলেও গতকাল পর্যন্ত বিএনপি পুলিশের অনুমতি পায়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে পুলিশের টালবাহানা ও গড়িমসি করা বিকৃত শাসনেরই প্রতিফলন।