কারাগারে থাকার মানসিক প্রস্তুতি নিন: হানিফ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘আন্দোলনের নামে হত্যাকাণ্ডের’ জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘আপনি মানসিকভাবে প্রস্তুতি নিন, কীভাবে বাকি জীবন কারাগারে কাটাবেন।’
মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজ রোববার দুপুরে স্থানীয় নোমানী ময়দানে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ ওই মন্তব্য করেন।
বক্তৃতায় হানিফ বলেন, পেট্রল দিয়ে মানুষ পোড়ানো আন্দোলন না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। বেগম খালেদা জিয়ার দেশের মানুষের প্রতি সম্মান নেই। তাই তিনি ভোটের অধিকারের কথা বলে মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছেন। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে চায়। এ দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একাত্তরের পরাজিত শক্তি হরতাল-অবরোধ দিচ্ছে।
হানিফের অভিযোগ, বেগম খালেদা জিয়া স্বাধীনতার চেতনার ওপর আঘাত করছেন। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চান। দেশের এই অগ্রযাত্রা ঠেকাতে জামাত-বিএনপি হরতাল-অবরোধ দিচ্ছে।