কারাগারে থেকে চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত মো. ফারুক মিয়া সরকার কারগারে থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গত শনিবার পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। এ নিয়ে টানা দুইবার এ ইউনিয়নের চেয়ারম্যান হলেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবুবকর সিদ্দিক বলেন, মজিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক মিয়া সরকার ৬ হাজার ৪৩১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশ্রাফুল আলম পেয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট।
নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক মিয়া সরকারের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘ফারুকের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে নয়টি মামলায় সে জামিনে ছিল। বাকি দুটি মামলার মধ্যে একটি হত্যা ও অন্যটিতে লুটপাটের অভিযোগ রয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের আগে গত ২৩ এপ্রিল পুলিশ তাকে হত্যা মামলায় দাউদকান্দির গৌরীপুর বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে। পরে তাকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অনুসারীরা তার মনোনয়নপত্র জমা দেন। এরপর আদালতে কয়েক দফা জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।