কারাবন্দী আরিফুলের নাম উঠতেই চাঙা কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগর বিএনপির সভাপতি পদে নির্বাচনের জন্য বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হতে পারে আজ মঙ্গলবার। কারাবন্দী এই নেতার মনোনয়নপত্র সংগ্রহের খবরে চাঙা ভাব দেখা দিয়েছে নগর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে।
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব বদরুজ্জামান সেলিম গতকাল সোমবার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপরই সভাপতি পদে কারাবন্দী আরিফুল হকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের খবর প্রচার হয়।
৬ ফেব্রুয়ারি সিলেট জেলা বিএনপির সম্মেলনের পরপরই হবে নগর সম্মেলন। এ সম্মেলনে কাউন্সিল অধিবেশনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। কাউন্সিল অধিবেশনে নগরের ২৭টি ওয়ার্ড কমিটির মনোনীত ৮১ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত হয়ে আরিফুল হক ২০১৪ সালের ২৯ ডিসেম্বর থেকে কারাবন্দী আছেন। গত বছরের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিগত চারদলীয় জোট সরকারের আমলে তিনি নগর বিএনপির সভাপতি ছিলেন। এক-এগারো পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন বিবেচনায় নগর কমিটি বাতিল করে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি করা হয়।
ওই আহ্বায়ক কমিটির মাধ্যমে ২০০৯ সালের ৮ নভেম্বর এম এ হককে সভাপতি, আবদুল কাইয়ুম জালালীকে সাধারণ সম্পাদক ও রেজাউল হাসান কয়েস লোদীকে সাংগঠনিক সম্পাদক করে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে ঘোষিত হয়। আরিফুল হক নগর বিএনপির নেতৃত্ব থেকে বাদ পড়লেও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মনোনীত হন। ২০১৩ সালে তিনি মেয়র নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, নগর বিএনপির সম্মেলনে নির্বাচন পরিচালনার জন্য আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য আহমদুল সামাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বুধবার থেকে তিন পদে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়। গতকাল পর্যন্ত সভাপতি পদে বর্তমান আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নাসিম হোসাইন ও আবদুল কাইয়ুম জালালী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব বদরুজ্জামান সেলিম, প্যানেল মেয়র ও নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক কোষাধ্যক্ষ ও ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী, হুমায়ূন কবির, মিফতা সিদ্দিকী ও মহবুব চৌধুরী।
গতকাল সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারী বদরুজ্জামান সেলিম ছিলেন আরিফুল হকের নেতৃত্বাধীন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। এবার তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করাতেই সভাপতি পদে আরিফুল হক প্রার্থী হতে পারেন।
তবে এ বিষয়ে বদরুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি না হলেও মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের নগর কমিটির সাবেক সভাপতি জিয়াউল গণি আরেফিন প্রথম আলোকে বলেন, ‘সার্বিক অবস্থার প্রেক্ষাপটে আরিফ এখন নগর বিএনপির জন্য একটা উদ্যম হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বই এখন দরকার, এ বিবেচনায় এমন প্রচার নেতাদের মুখে নয়, বরং কর্মী-সমর্থকদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে চলছে।’
আরিফুল হক নগর বিএনপির সভাপতি থাকাকালে পরিবহন-বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন সালেহ আহমদ খসরু। গতকাল বদরুজ্জামানের মনোনয়নপত্র সংগ্রহে তিনিও ছিলেন। আরিফুল হক প্রার্থী হলে নগর বিএনপির সম্মেলনে প্রাণের সঞ্চার হবে বলে তিনিও মনে করেন।
নির্বাচন পরিচালনায় থাকা নেতারাও জানিয়েছেন, আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে আরিফুল হকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। তবে তাঁর পক্ষে পরিবারের সদস্য না দলীয় কোনো নেতা মনোনয়নপত্র সংগ্রহ করবেন, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।
আরিফের পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন, এ ব্যাপারে আজ আরিফুল হককে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি প্রার্থী হতে চাইলে বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।