কারাবন্দী যুবদল নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন যুবদলের কারাবন্দী যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা গেছেন। গতকাল শনিবার বিকেল চারটার দিকে ওমরের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওমর আলী উপজেলার উজানচর গ্রামের মিজান মিয়ার ছেলে। থানা-পুলিশ জানায়, বাঞ্ছারামপুর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী জাবিদ আল রহমান তাঁর বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গত ৭ মে ওমরকে কারাগারে পাঠায় বাঞ্ছারামপুর থানা-পুলিশ।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে আনার পর ওমরের শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ৩১ মে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে গত ৯ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ডেপুটি জেলার হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, ওমর একটি চুরির মামলার আসামি ছিলেন। তিনি
হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন ও রক্তবমি করেন। তখন তাঁর প্রেশারও কম ছিল। গতকাল শনিবার বিকেল চারটার দিকে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।