ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের অনেকেই স্থায়ী কার্যালয়ের অভাবে সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ করতে পারছেন না। কিছু কার্যালয়ে সচিব না থাকায় কাজই শুরু করতে পারেননি কাউন্সিলররা।
যেসব কাউন্সিলরের স্থায়ী কার্যালয় নেই, তাঁদের সিটি করপোরেশন থেকে কার্যালয় ভাড়া করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে একাধিক কাউন্সিলর দাবি করেছেন, সিটি করপোরেশন ভাড়া হিসেবে যে টাকা দেওয়ার কথা বলেছে, তা বর্তমান বাজারে খুব কম। তাই তাঁরা কার্যালয় ভাড়া পাচ্ছেন না। ঢাকা উত্তর ও দক্ষিণের অন্তত ১৫ জন কাউন্সিলরের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, উত্তরের ৩৬টি ওয়ার্ডের বিপরীতে সচিব রয়েছেন ২২ জন। আর স্থায়ী কার্যালয় নেই ২৬টি ওয়ার্ডে। দক্ষিণের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে স্থায়ী কার্যালয় নেই। দুই সিটি করপোরেশনই স্থায়ী কার্যালয়হীন ওয়ার্ড এবং প্রয়োজনীয় লোকবলের তালিকা করা শুরু হয়েছে। দুই সিটির কাউন্সিলররা ৬ মে শপথ নিয়েছেন।
পল্টন কমিউনিটি সেন্টারটি ঢাকা দক্ষিণের ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সেখানে এত দিন ১৩ নম্বর ওয়ার্ডের কার্যালয়ের পাশাপাশি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কার্যালয়ও ছিল। গত সপ্তাহে ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কার্যালয় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে কমিউনিটি সেন্টারের বাইরে এখনো ১১ ও ১২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো রয়েছে। এই দুই ওয়ার্ডের কাউন্সিলররা তাঁদের নিজ নিজ ব্যক্তিগত কার্যালয়কে কাউন্সিলর কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেছেন। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হামিদুল হক বলেন, ‘আপাতত আমার বাড়িতেই ওয়ার্ডের সচিব কাজ করছেন।’
দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডের দাপ্তরিক কার্যক্রম এত দিন পরিচালিত হতো ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাসাবো কমিউনিটি সেন্টারে। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান বলেন, ‘আপাতত আমার বাসার একটি কক্ষকে কাউন্সিলর কার্যালয় হিসেবে ব্যবহার করছি। ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে কার্যালয়ের জন্য বাসা ভাড়া নিতে চাইছি। কিন্তু পাচ্ছি না।’
উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান তাঁর নির্বাচনী কার্যালয়েই সচিবের বসার ব্যবস্থা করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সচিব মো. আবু ছাইদ শেখ প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলরদের কার্যালয় খুঁজতে বলেছি। সিটি করপোরেশন থেকে আট হাজার টাকা করে ভাড়া দেওয়া হবে, সেটাও জানিয়েছি।’
তবে একাধিক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিটি করপোরেশন থেকে কার্যালয় ভাড়া করার জন্য যে পরিমাণ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, বর্তমান সময়ের তুলনায় তা খুবই কম। এ টাকায় বাসা ভাড়া পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে আবু ছাইদ শেখ বলেন, ‘ভাড়ার পরিমাণ কয়েক বছর আগে নির্ধারণ করা হয়েছে। অনেক এলাকাতে এ টাকায় কিছু হবে না। এ বিষয়গুলো সরকারের হাতে, সরকার পুনর্নির্ধারণ করলে আমরা বাড়িয়ে দেব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের স্থায়ী কোনো কার্যালয় নেই। এ ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব তাঁর ব্যক্তিগত কার্যালয়ে বসছেন। কিন্তু সিটি করপোরেশন থেকে কাউন্সিলর কার্যালয়ে কোনো সচিবও না দেওয়ায় দাপ্তরিক কোনো কার্যক্রম চলছে না।
লোকবল-সংকট আছে, তা মানছেন ডিএনসিসির সচিব মো. আবু ছাইদ শেখ। তিনি বলেন, ‘কর্মী-সংকট আছে। যতটা পারছি দিচ্ছি। আরও লোকবল নিয়োগ দিতে হবে।’