কার্যালয়ে খালেদা না খেয়ে মরে পড়ে থাকবেন: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধ প্রত্যাহার না করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার হুমকি দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, অবরুদ্ধ কার্যালয়ে খালেদা না খেয়ে মরে পড়ে থাকবেন।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে সংগঠনের আহ্বায়ক ও শ্রমিক নেতা শাজাহান খান এই হুমকি দেন।
শাজাহান খান বলেন, অবরোধ প্রত্যাহার না হলে খালেদা জিয়ার কার্যালয় পোড়া গাড়ি দিয়ে ঘেরাও করা হবে। বাইরে থেকে খালেদার জন্য যে খাবার নেওয়া হয়, তা নিতে দেওয়া হবে না। ওই কার্যালয় এমনভাবে অবরুদ্ধ করা হবে যে খালেদা জিয়া না খেয়ে মরে পড়ে থাকবেন। নৌমন্ত্রী এসএসসি পরীক্ষার আগেই অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানান।
সমাবেশ থেকে সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে ১০টি আহ্বান জানানো হয়। এর মধ্যে আছে: এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সতর্ক থাকা, পরীক্ষার কেন্দ্রগুলোতে পাহারার ব্যবস্থা করা, বোমাবাজদের ধরিয়ে দেওয়া, পুলিশ-র্যাব ও প্রশাসনকে সহযোগিতা করা, যানবাহনে অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখা, সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে থাকা।
সমাবেশ থেকে অবরোধ-হরতালের বিরুদ্ধে কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে: ৩ ফেব্রুয়ারি প্রতিটি জেলার শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ, ৫ ফেব্রুয়ারি বেলা পৌনে একটা থেকে সোয়া একটার মধ্যে ১৫ মিনিট রাস্তায় থেকে অবরোধ ও হরতালের বিরুদ্ধে প্রতিবাদ করা, ওই সময়ের মধ্যে দোকানের মালিক ও শ্রমিকদের ৫ মিনিট বাঁশি বাজিয়ে এবং কৃষকদের নিজ নিজ জমিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো। এ ছাড়া ৭ ফেব্রুয়ারি সংগঠনের জাতীয় কনভেনশন অনুষ্ঠান এবং ওই দিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা।
মহাসমাবেশে নারী নেত্রী ও সাংসদ শিরীন আখতার বলেন, যতক্ষণ দেশে জঙ্গি ও সন্ত্রাসী থাকবে, তত দিন তাদের আন্দোলন চলবে।
সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ, আইসিডি শ্রমিক ইউনিয়ন, কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড, রেলওয়ে শ্রমিক লীগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, পিজিসিবি শ্রমিক-কর্মচারী লীগ, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন, জাতীয় ট্যানারি শ্রমিক লীগ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এতে অংশ নেন।