কার্যালয়ের চাবি না নিয়ে ঢাকায় ফিরলেন এরশাদ
রংপুরে ঈদের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপস্থিতিতে দলের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসনসহ দলীয় কার্যালয়ের চাবি নতুন কমিটির কাছে হস্তান্তরের কথা ছিল। কিন্তু এর কোনোটিই হয়নি। নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় গত মঙ্গলবার সৈয়দপুর থেকে বিমানযোগে এরশাদ ও তাঁর ভাই জি এম কাদের ঢাকায় ফিরেছেন।
এর আগে ভয়ভীতি ও হুমকির কারণে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কালেক্টরেট ঈদগাহ ময়দানে এরশাদ ও জি এম কাদের ঈদের নামাজ আদায় করেছেন।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও এরশাদের ছোট ভাই জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘দলের বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা কৌশলে আমাকে ও দলের চেয়ারম্যানকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন।’
পুলিশ ও দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির (এরশাদ) দুই পক্ষের মধ্যে ৩ অক্টোবরের সংঘর্ষের জের ধরে এরশাদ ও তাঁর ভাই জি এম কাদের নিরাপত্তাহীন ছিলেন বলে এরশাদ সাংবাদিকদের জানান। বিষয়টি তিনি স্থানীয় পুলিশ সুপারকেও জানান। ঈদের দিন নামাজ শুরুর ১০ মিনিট আগে আটটা ৫০ মিনিটে ব্যাপক পুলিশি প্রহরায় এরশাদ ও তাঁর ভাই জি এম কদেরকে রংপুরের প্রধান ঈদের জামায়াত কালেক্টরেট ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়।
এরশাদের যাওয়ার পাঁচ মিনিট আগে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা একই মাঠে নামাজ পড়তে যান। সেখানে এরশাদ, রাঙ্গা, জি এম কাদের ও সিটি মেয়র সরফুদ্দীন আহমেদ পাশাপাশি নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তাঁরা একে অপরের সঙ্গে কোলাকুলিও করেছেন। এ সময় মাঠের সামনে র্যা ব ও পুলিশ ছিল।
বিলুপ্ত কমিটির নিয়ন্ত্রণে থাকা জাতীয় পার্টির কার্যালয়ের চাবি এরশাদের উপস্থিতিতে নতুন কমিটির কাছে প্রতিমন্ত্রী রাঙ্গার হস্তান্তরের কথা ছিল। তবে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা থাকায় এরশাদ আর দলীয় কার্যালয়ে যাননি এবং চাবিও নেননি।
ভয়ভীতি ও হুমিকর অভিযোগ অস্বীকার করে মসিউর রহমান রাঙ্গা প্রথম আলোকে বলেন, ‘ওনাকে (এরশাদ) দলীয় কার্যালয়ে আসতে বলেছিলাম। কিন্তু উনি আসেননি।’ বিলুপ্ত জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ছাড়বে না বলে তিনি মন্তব্য করেন।
গত ১০ সেপ্টেম্বর দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি একই সঙ্গে রংপুর জেলা ও মহানগরের দুই কমিটির সভাপতি ছিলেন। ৩ অক্টোবর এরশাদ রংপুরে যান। ওই দিন তাঁকে স্বাগত জানানো নিয়ে দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকেই রংপুরে উত্তেজনা বিরাজ করছে।