কার্যালয় নেতাশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়। প্রতিদিন কার্যালয় খোলা হলেও নেতা-কর্মীরা বসেন না। দলীয় সূত্র বলেছে, মামলার খড়্গ আর গ্রেপ্তার আতঙ্কে কাবু হয়ে পড়েছে জেলা বিএনপি।
দলীয় সূত্র বলেছে, ২০০৮ সাল থেকে গত বছর পর্যন্ত ভোলা সদরসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৬৩টি মামলা হয়েছে। চলতি বছরে মামলা হয় ৩০টি। এই ১৯৩টি মামলায় প্রায় ১ হাজার ২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন পাঁচ শতাধিক নেতা-কর্মী। এ অবস্থায় দলের নেতা-কর্মীদের বড় একটি অংশ গ্রেপ্তার আতঙ্কে এখনো এলাকাছাড়া।
দলীয় সূত্র বলেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির তিনজন গুরুত্বপূর্ণ নেতার বাড়ি ভোলায়। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহমেদের বাড়ি লালমোহনে। ২০১০ সালের উপনির্বাচনের পর তিনি একবার এলাকায় এসেছিলেন। তিনি মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে মুঠোফোনে কথা বলেন। দলের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ও ভোলা-৪ আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বাড়ি চরফ্যাশনে। প্রায় চার বছর ধরে তিনি তাঁর নির্বাচনী এলাকা মনপুরায় যান না। সর্বশেষ গত রমজান মাসে চরফ্যাশনে যান। ওই উপজেলায় বিএনপির কোনো কার্যালয় নেই। নাজিম উদ্দিন আলমের বাসা-ই কার্যালয়। তাই তিনি এলেই নেতা-কর্মীরা সেখানে যান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহীমের বাড়ি দৌলতখানে। তিনি ভোলা-২ আসনের সাবেক সাংসদ। দৌলতখানের দলীয় কয়েকজন নেতা বলেন, হাফিজ ইব্রাহীমকে নেতা-কর্মীরা কাছে পান। তিনি তাঁদের খোঁজখবর নেন।
বিএনপির স্থানীয় নেতারা বলেছেন, ভোলা সদর ছাড়া অন্য ছয় উপজেলায় গত সাত বছরে কোনো আন্দোলন হয়নি। ওই সব উপজেলার দলীয় কার্যালয়ও খোলা হয় না। এসব উপজেলার অনেক নেতা অনেকটা সমঝোতা করে জেলার বাইরে থেকে দলীয় পদ আগলে রয়েছেন। অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ অবস্থায় দলের কার্যক্রম চলছে ঘরোয়াভাবে, মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে। কখনো কখনো ‘ফটোসেশনে’।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ২০০৯ সালে জেলা বিএনপির সম্মেলনে কমিটি হয়। তাতে নেতাদের পছন্দের লোকদের পদে রাখা হয়েছে। সদর উপজেলা বিএনপি ও জেলা যুবদলের কোনো কমিটি নেই। পাঁচ বছর আগে ছাত্রদলের কমিটি হলেও সেটি জেলা বিএনপি-আশ্রিত।
অবশ্য জেলা বিএনপির নেতাদের একটি অংশের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলেও পুলিশ বাধা দিচ্ছে, হয়রানি করছে। দুই-তিনজন নেতা-কর্মী একত্র হলেই আটক করছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশ যদি অযথা হয়রানি না করত, তাহলে আমাদের আন্দোলনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারত না। বিএনপি সহিংসতা এড়িয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে।’
দলীয় নেতা-কর্মীদের অনেকে বলেছেন, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের পরিবার ভোলায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁদের অভিযোগ, গোলাম নবী রাজনীতি-ব্যবসা দুটো একসঙ্গে করছেন। তাঁর মতো ভোলার অনেক বিএনপি নেতা ব্যবসা ও রাজনীতি একসঙ্গে করতে গিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করছেন। ব্যবসার জন্য কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করছেন। এ কারণে মাঠের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হলেও জেলার অনেক গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে মামলা হয়নি। পুলিশ তাঁদের হয়রানিও করছে না।
জেলা যুবদলের সভাপতি ইয়ারুল আলম প্রথম আলোকে বলেন, যাঁরা ব্যবসা ও রাজনীতি একসঙ্গে করেন, তাঁদের সমঝোতা করাটাই স্বাভাবিক। এতে সাংগঠনিক তৎপরতা ও আন্দোলনে কিছুটা ভাটা পড়েছে।
অবশ্য এ বিষয়ে গোলাম নবী আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমি যে ব্যবসা-বাণিজ্য করছি, তা আমার পূর্বপুরুষের। সেগুলো পরিচালনার লোকও আলাদা। তাঁরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। আমি তো আন্দোলন-সংগ্রামে ছাড় দিইনি। এখনো আওয়ামী লীগের চেয়ে ভোলায় বিএনপির অবস্থান শক্তিশালী।’ আলমগীর দাবি করেন, তিনি সততার সঙ্গে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন চালাচ্ছেন। কিছু নেতা সুবিধা নিচ্ছেন, সেটি ঢাকতেই উল্টাপাল্টা বলছেন।
আগামীকাল পড়ুন: লালমনিরহাট জেলার রাজনীতি