বরিশালে জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষুব্ধ নেতা-কর্মীরা গত শনিবার বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে পদ পাওয়া নেতা-কর্মীরা তালা ভেঙে ফেলেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা স্লোগান দিয়ে ঝটিকা মিছিলসহকারে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আসেন। এ সময় তাঁরা ঘোষিত জেলা ও মহানগর যুবদলের কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠনের আহ্বান জানান। রাত ১০টায় জেলা যুবদলের সভাপতির পদ পাওয়া পারভেজ আকন ওরফে বিপ্লবের নেতৃত্বে সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ অন্য নেতা-কর্মীরা তালা ভেঙে কার্যালয়ের ভেতরে অবস্থান নেন।
বিক্ষুব্ধ নেতা-কর্মীদের নেতৃত্বদানকারীদের অন্যতম বিলুপ্ত মহানগর যুবদলের একাংশের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহম্মেদ বলেন, ‘স্বজনপ্রীতির মাধ্যমে বরিশালে যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে মাঠে ছিল, তাদের বাদ দিয়ে পকেটের লোকজন দিয়ে কমিটি করা হয়েছে। এ ধরনের পকেট কমিটি আমরা মানি না। ওই কমিটি বাতিল করতে হবে। বরিশালে এসে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। সেই দাবিতে কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।’ মহানগর যুবদলের নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি কামরুল আহসান ওরফে রতন, জেলা যুবদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ ওরফে বাবলু যুবদলের বরিশাল জেলা ও মহানগর কমিটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন।
কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘যাঁকে মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে, তিনি ১/১১-এর পর থেকে আজ পর্যন্ত দলের কোনো কর্মসূচিতে আসেননি। তিনি রাজপথে সক্রিয় নেই। মামলা-হামলা-ত্যাগ-নির্যাতনের কোনো মূল্যায়ন করা হয়নি। কিছু লোক নিয়ে পকেট কমিটি করা হয়েছে।’
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘বিগত আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিল, সেই তৃণমূল থেকে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। কিন্তু যুবদলের কেন্দ্রীয় নেতারা সেই নির্দেশনা অনুসরণ করেননি। নতুন কমিটিতে ত্যাগ নয়, ব্যক্তির ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যারা আন্দোলন-সংগ্রামে ছিল না, তাদের নিয়ে কমিটি করা হয়েছে। এটা উদ্বেগজনক। এটা দলের জন্য শুভ লক্ষণ নয়। আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত থাকা নেতা-কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করার জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটিকে বলা হয়েছে।’
গত ২৭ এপ্রিল দেশের ১২ সাংগঠনিক জেলার সঙ্গে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল।