কার্যালয়ে তালা, দল স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে জেলা বিএনপির তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। দলের কার্যালয় বেশির ভাগ সময় তালা দেওয়া থাকে। অধিকাংশ নেতা-কর্মী এলাকাছাড়া। হাতে গোনা যে কজন আছেন, তাঁরা মূলত আওয়ামী লীগের সঙ্গে বোঝাপড়া করে শহরে অবস্থান করছেন।
নেতারা বলেছেন, হামলা, মামলা ও গ্রেপ্তারের ভয় তখন যেমন ছিল, এখনো তেমনই আছে। মামলা ও গ্রেপ্তারের ভয়ে লক্ষ্মীপুর পৌরসভার তিন কাউন্সিলরসহ শতাধিক নেতা-কর্মী বর্তমানে লক্ষ্মীপুরের বাইরে অবস্থান করছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান বলেন, গত আন্দোলনের সময় লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় বিএনপির পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে। এর মধ্যে পাঁচ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, আন্দোলন করতে গিয়ে তিনি কারাগারেও গেছেন।
২০১০ সালের ডিসেম্বর দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়। এতে আবুল খায়ের ভূঁইয়াকে সভাপতি এবং সাহাব উদ্দিন ওরফে সাবুকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটির মতো রামগঞ্জ উপজেলা, পৌর বিএনপির কমিটিও মেয়াদোত্তীর্ণ। কমলনগর উপজেলায় আহ্বায়ক কমিটি দিয়ে কাজ চলছে।
দলের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, জেলায় দলের সব স্তরে কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় চার সাবেক সাংসদের মতই চূড়ান্ত ছিল। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের আগের আন্দোলনে এই চার নেতা যেমন এলাকায় ছিলেন না, তেমনি তাঁদের আস্থাভাজন নেতারাও ছিলেন নিষ্ক্রিয়।
একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা বিএনপির সভাপতি দেড় বছরে মাত্র দুবার লক্ষ্মীপুরে এসেছেন। সাধারণ সম্পাদক বেশির ভাগ সময় লক্ষ্মীপুর সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মাইন উদ্দিন রিয়াজ, জেলা ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদসহ অনেকে আত্মগোপনে ছিলেন।
লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, স্থানীয় কমিটি গঠনের ক্ষেত্রে সাংসদদের সম্পর্কে যে কথা বলা হয়েছে, তা সঠিক নয়। স্থানীয় কমিটির নেতারা এসব কমিটি গঠন করেছেন। তিনি বলেন, লক্ষ্মীপুরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কোনো বিভেদ নেই। জনগণের কাছ থেকে দূরে রাখার জন্য সরকার তাঁর বিরুদ্ধে অর্ধশত মামলা দিয়েছে। তারপরও তিনি একাধিকবার লক্ষ্মীপুরে এসেছেন এবং নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন।
জেলার রামগঞ্জ উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী জিয়া উল হক, সাংসদ নাজিম উদ্দিন ও ভিপি আবদুর রহিমের সমর্থক নেতা-কর্মীরা তিনটি ভাগে বিভক্ত। এ কারণে বিভিন্ন দিবসে সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।
আবার জেলা ছাত্রদলের বেশির ভাগ নেতা বিবাহিত ও অছাত্র। তাঁদের সাংগঠনিক কার্যক্রমে তেমন দেখা যায় না। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক আগেই ছাত্রদল থেকে অব্যাহতি চেয়েছি। কিন্তু অব্যাহতি দেয়নি। বিগত আন্দোলনের সময় আমি লক্ষ্মীপুরে ছিলাম। আমার বিরুদ্ধে আধা ডজন মামলা করা হয়েছে। মামলার কারণে আমি এখনো বাড়িতে ঘুমাতে পারছি না।’
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বলেন, ‘আন্দোলনের সময় লক্ষ্মীপুরে ছিলাম। র্যাবের হাতে গুলিবিদ্ধ হয়েও এলাকা ছাড়িনি।’ তিনি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন থেকে জেলা পর্যায়ের সব কমিটি নতুন করে গঠনের নির্দেশনা এসেছে। দল পুনর্গঠন হলেই জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আবার আন্দোলনে নামা হবে।