রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের তালা খোলা হলেও দলের অভ্যন্তরীণ সমস্যার জট খুলছে না। গত সোমবার একুশের প্রথম প্রহরে বিভক্ত হয়ে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার মধ্য দিয়ে দলীয় বিভক্তির বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।
নতুন কমিটি বাতিলের দাবিতে মহানগর কার্যালয়ে ঝোলানো তালা ১ মাস ২০ দিন পর ১৮ ফেব্রুয়ারি খুলে দিয়েছে বিএনপি রক্ষা কমিটি। এই তালা খুলে দেওয়ার পর দলের সাধারণ কর্মীরা ধারণা করেছিলেন, রাজশাহী মহানগর বিএনপি নিয়ে জটিলতার অবসান হবে। কিন্তু একুশের প্রথম প্রহরে মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং মহানগর বিএনপির বর্তমান সভাপতি ও সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পৃথক পৃথকভাবে শহীদ মিনারে ফুল দেন।
দলীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের সঙ্গে ছিলেন মহানগরের চার থানার পদধারী নেতা-কর্মীরা। আর মোসাদ্দেক হোসেনের সঙ্গে ছিলেন মহানগরের এক সময়ের সক্রিয় ও ত্যাগী নেতা-কর্মীরা। যাঁদের অনেকেই একসময় দলের পেশিশক্তি হিসেবে কাজ করেছেন। গত ২৭ ডিসেম্বর রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। মহানগরের নতুন কমিটিতে সভাপতির পদ থেকে মিজানুর রহমানকে বাদ দিয়ে তাঁর স্থলে কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি করা হয়। এই কমিটি বাতিলের দাবিতে পরদিন রাতে মহানগরের পদবঞ্চিত নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাঁরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দেন। ১ জানুয়ারি মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল হুদাকেআহ্বায়ক ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমানকে সদস্যসচিব করে বিএনপি রক্ষা কমিটি গঠন করা হয়। ১৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান বিএনপির রক্ষা কমিটির নেতাদের নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ের তালা খুলে বৈঠক করেন। এখন দলের সাধারণ নেতা-কর্মীরা বলছেন, ওই বৈঠকের মধ্য দিয়ে মিজানুর রহমান বিএনপি রক্ষা কমিটির সঙ্গে রয়েছেন তা বোঝা গেছে। তাঁদের সঙ্গেই একুশের প্রথম প্রহরে ফুল দেওয়ায় বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেছে।
মোসাদ্দেক হোসেন গত বুধবার প্রথম আলোকে বলেন, এটা ঠিক হয়ে যাবে। ফুল দিতে যাওয়ার আগেও মিজানুর রহমানের সঙ্গে তাঁর কথা হয়েছে। কিন্তু তাঁর (মিজানুর রহমান) সঙ্গে এমন চার-পাঁচজন নেতা রয়েছেন, তাঁদের কিছুতেই নেতা-কর্মীরা মেনে নেবেন না। সে জন্যই একসঙ্গে ফুল দিতে যাওয়া হয়নি। গতকাল মিজানুর রহমান বলেন, বিশৃঙ্খলা এড়াতে তিনি তাঁদের সঙ্গে নিয়ে ফুল দিতে গিয়েছিলেন। তাঁর আর দলের কাছে কোনো চাওয়া-পাওয়া নেই।