কাল গাবতলীতে কেন্দ্রীয় ১৪ দলের জনসভা
রাজধানীর গাবতলী মাজার রোডে জনসভা করবে কেন্দ্রীয় ১৪ দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাল মঙ্গলবার দুপুরে এ সভা হবে। আজ সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, চোরাগোপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় ১৪ দলের এ জনসভা হবে।
জনসভায় জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।