কাল জামিন পেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

আদালত থেকে আগামী কাল রোববার জামিন পেলে নিজ বাসভবন ‘ফিরোজায়’ ফিরে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল সকাল সাড়ে নয়টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে আদালতের উদ্দেশে বের হবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।
গত ৩ জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশান কার্যালয়ে আছেন। এর মধ্যে গত ২৪ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ঢাকার একটি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিএনপি সূত্র জানিয়েছে, কাল আদালতে হাজির হয়ে জামিন চাইবেন তিনি। জামিন পেলে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজায়’ ফিরবেন তিনি।