কাল থেকে আবার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে সারা দেশে আবারও টানা ৭২ ঘণ্টার (বুধবার সকাল ছয়টা পর্যন্ত ) হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। পাশাপাশি চলমান অবরোধও অব্যাহত থাকবে। এ ছাড়া আগামী সোমবার সারা দেশে গণমিছিল কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আজ শনিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী নেতা-কর্মীদের গুম, খুন, অপহরণ, পঙ্গু ও আহত করা, গণগ্রেপ্তার, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এবং বিএনপি ও ২০-দলীয় জোটের নেতারাসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, আগামী সোমবার দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা-পর্যায়ে এবং মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল করবে জোট।